উখিয়ায় বিজিবি-চোরাকারবারি গুলিবিনিময়, দেড় লাখ ইয়াবা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের উখিয়ায় প্রায় দেড় লাখ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি
ছবি: প্রথম আলো

মিয়ানমার থেকে ইয়াবার চালান পাচারকালে কক্সবাজারের উখিয়া সীমান্তে চোরাকারবারিদের সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। পরে ঘটনাস্থল থেকে প্রায় দেড় লাখ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

গতকাল শুক্রবার রাত নয়টার দিকে উখিয়া উপজেলার ৪ নম্বর রাজাপালং ইউনিয়নের গোলডেবার পাহাড় এলাকায় এ ঘটনা ঘটে।

প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার ৩৪ বিজিবির উখিয়ার রেজুআমতলী চৌকির সদস্যরা জানতে পারেন, বিপুল পরিমাণ ইয়াবা মিয়ানমার থেকে বাংলাদেশে আসছে। বিজিবির সদস্যরা গোলডেবার পাহাড় এলাকায় অবস্থান নেন। রাত নয়টার দিকে ইয়াবা পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে গুলি চালায়। বিজিবির সদস্যরা দুটি গুলি চালান। চোরাকারবারিরা তাদের সঙ্গে থাকা ব্যাগ মাটিতে ফেলে পালিয়ে যায়। পরে ওই ব্যাগের ভেতর থেকে ১ লাখ ৪০ হাজার ইয়াবা পাওয়া যায়। ইয়াবার আনুমানিক মূল্য ৪ কোটি ২০ লাখ টাকা।

বিজিবির কর্মকর্তা আলী হায়দার আজাদ আহমেদ বলেন, এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।