উখিয়ায় রোহিঙ্গা ‘শীর্ষ সন্ত্রাসী’ গ্রেপ্তার: পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার জেলার মানচিত্র

কক্সবাজারের উখিয়ার কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা শিবির থেকে দেলোয়ার হোসেন ওরফে দেলু (২৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। পুলিশ বলেছে, দেলোয়ার রোহিঙ্গা শিবিরের ‘শীর্ষ সন্ত্রাসী’। তাঁকে গ্রেপ্তারে অভিযান চালানোর সময় আহত হয়েছেন পুলিশের চার সদস্য।

গতকাল রোববার রাত ১০টার দিকে কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের ডিমান্ড মোড় থেকে দেলোয়ারকে গ্রেপ্তার করা হয়। দেলোয়ার ক্যাম্পের জি ব্লকের বাসিন্দা। অভিযানের সময় আহত চার পুলিশ সদস্যের নাম জানা যায়নি।

এপিবিএনের দাবি, দেলোয়ার তালিকাভুক্ত রোহিঙ্গা শীর্ষ সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মারামারিসহ উখিয়া থানায় একাধিক মামলা আছে। রোববার রাতে তাঁকে গ্রেপ্তার করতে গেলে তাঁর সহযোগীদের ছোড়া ইটপাটকেলের আঘাতে ওই চার পুলিশ সদস্য আহত হন।

কক্সবাজার ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক ও পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হক বলেন, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। দেলোয়ার রোহিঙ্গা শিবিরের সন্ত্রাসী বাহিনীর মুন্না গ্রুপের সেকেন্ড ইন কমান্ড এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। পুলিশের উপস্থিতি টের পেয়ে দেলোয়ারকে রক্ষা করতে তাঁর সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। আহত পুলিশ সদস্যদের রোহিঙ্গা ক্যাম্পে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নাঈমুল হক আরও বলেন, দেলোয়ারকে গ্রেপ্তারের পর উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে। এর পর থেকে পুরো এলাকায় এপিবিএনের তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।

প্রসঙ্গত, ২০২০ সালের অক্টোবরে রোহিঙ্গা শিবিরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুন্না ও আনাস বাহিনীর দফায় দফায় সংঘর্ষের সময় নয়জন রোহিঙ্গা নিহত হয়।