উখিয়ায় ২ লাখ ইয়াবাসহ দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উদ্ধার হওয়া ইয়াবা
ছবি: প্রথম আলো

কক্সবাজারের উখিয়া থেকে দুই লাখ ইয়াবার চালানসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যরা। এ সময় তাঁদের সঙ্গে থাকা একটি ট্রাক জব্দ করা হয়। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে টেকনাফ-কক্সবাজার আঞ্চলিক সড়কের উখিয়ার ময়নার ঘোনায় অস্থায়ী তল্লাশিচৌকি বসিয়ে র‍্যাব ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উখিয়ার পালংখালীর মৃত মোহাম্মদ ফেরদৌসের ছেলে মো. দেলোয়ার হোসেন (২১) ও একই এলাকার নুরুল আলমের ছেলে মো. তারেক (২০)।

কক্সবাজার র‍্যাব-১৫-এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন ও মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের সদস্যরা জানতে পারেন যে টেকনাফ থেকে ট্রাকে ইয়াবার একটি বড় চালান কক্সবাজারে পাচার করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে উখিয়ার ময়নার ঘোনায় একটি অস্থায়ী তল্লাশিচৌকি বসানো হয়। এরপর মধ্যরাতে টেকনাফ থেকে আসা একটি ট্রাককে থামার জন্য সংকেত দেওয়া হলে ওই ট্রাকচালক ও তাঁর সহযোগী পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে র‍্যাব তাঁদের আটক করে ওই ট্রাকে তল্লাশি চালিয়ে দুই লাখ ইয়াবা উদ্ধার করে।

আবু সালাম চৌধুরী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন জানিয়েছেন যে তাঁরা দীর্ঘদিন ধরে টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছিলেন। ওই দুই ব্যক্তিকে উখিয়া থানায় সোপর্দ করে মামলা করা হয়েছে।