উখিয়ায় অস্ত্র-গুলিসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার
কক্সবাজারের উখিয়া উপজেলায় অস্ত্র-গুলিসহ এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার যুবকের নাম আবুল মনজুর (৩৫)। তিনি উখিয়ার ১৫ নম্বর ক্যাম্প জামতলীর সি-১ ব্লকে থাকতেন।
র্যাব-১৫ সহকারী পরিচালক (মিডিয়া কর্মকর্তা) অতিরিক্ত পুলিশ সুপার আবু সালাম চৌধুরী বলেন, মাদকদ্রব্য কেনাবেচার খবর পেয়ে বালুখালী বাজার এলাকায় র্যাবের একটি দল অবস্থান নেয়। এ সময় পালানোর চেষ্টাকালে আবুল মনজুরকে আটক করা হয়। তাঁর শরীর ও ব্যাগ তল্লাশি করে দুটি কার্তুজ, একটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়েছে। পরে তাঁকে উখিয়া থানা-পুলিশে হস্তান্তর করে অস্ত্র আইনে মামলা করা হয়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহমেদ সঞ্জুর মোর্শেদ বলেন, অস্ত্র আইনে মামলায় গ্রেপ্তার দেখিয়ে রোহিঙ্গা যুবককে আজ বুধবার কক্সবাজার আদালতে পাঠানো হচ্ছে।