উখিয়ায় বিজিবি ও মাদক কারবারিদের গুলি বিনিময়, ৭০ হাজার ইয়াবা উদ্ধার
কক্সবাজারের উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মাদক কারবারিদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে ৭০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। গতকাল বুধবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার ৪ নম্বর রাজাপালং ইউপির আমবাগান এলাকায় এ ঘটনা ঘটে।
কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মেহেদি হোসাইন কবির প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে যে ইয়াবা চোরাকারবারিদের একটি দল মিয়ানমার থেকে ইয়াবার বড় চালান নিয়ে বাংলাদেশে আসছে। এ খবরের ভিত্তিতে রেজুআমতলী ফাঁড়ির একটি বিশেষ টহল দল গোদা আমবাগান এলাকায় অবস্থান নেয়। সন্ধ্যা সাতটার দিকে কয়েকজন ইয়াবা কারবারি হেঁটে সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশের দিকে আসতে শুরু করেন। এ সময় বিজিবির সদস্যরা তাঁদের চ্যালেঞ্জ করলে ইয়াবা কারবারিরা গুলি ছুড়তে থাকেন। এ সময় বিজিবি আত্মরক্ষার্থে পাল্টা গুলি করলে ইয়াবা কারবারিরা তাঁদের সঙ্গে থাকা ব্যাগ মাটিতে ফেলে দ্রুত জঙ্গলের দিকে পালিয়ে যান।
মেহেদি হোসাইন বলেন, পরে ওই ব্যাগের ভেতর থেকে ২ কোটি ১০ লাখ টাকা মূল্যের ৭০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।