উখিয়ায় রোহিঙ্গা শিবির পরিদর্শনে ইউএনএইচসিআরের প্রতিনিধিদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করেছেন জাতিসংঘের শরণার্থী–বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডির নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধিদল। রোববার উখিয়া আশ্রয়শিবিরে
ছবি: প্রথম আলো

কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করেছে জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডির নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধিদল। রোববার সকাল নয়টায় প্রতিনিধিদল উখিয়ার কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের ডি-ব্লকে ইউএনএইচসিআরের কমিউনিটি সেন্টার পরিদর্শন ও বিভিন্ন ব্লক কমিটির সঙ্গে মতবিনিময় করে।

আরও পড়ুন

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ের অতিরিক্ত কমিশনার শামসুদ্দোহা নয়ন প্রথম আলোকে বলেন, জাতিসংঘের শরণার্থীবিষয়ক প্রতিনিধিদলটি রোহিঙ্গা আশ্রয়শিবিরের বিভিন্ন ধরনের কার্যক্রম পরিদর্শন করে। বিভিন্ন ব্লক কমিটির সঙ্গে মতবিনিময়ের পর দলটি ক্যাম্প-৩-এর বি-২৪ ব্লকে ইউএনএইচসিআর পরিচালিত ব্র্যাক কমিউনিটি সেন্টারে যায়। পরে রোহিঙ্গাদের চুল্লুং ও ফুটবল খেলা উপভোগ করে তারা। এ ছাড়া ডি-৫০ ব্লকে কিশোরদের শান্তি ক্লাব পরিদর্শন, কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময়, ১৫ থেকে ২০ বছর বয়সী রোহিঙ্গাদের পাঠদান কার্যক্রম ও রোহিঙ্গা নারীদের সেলাই কার্যক্রম ঘুরে দেখে।

শামসুদ্দোহা নয়ন আরও বলেন, প্রতিনিধিদলটি পরে ক্যাম্প-৫-এর ই-ব্লকে অবস্থিত জুট প্রোডাকশন সেন্টার পরিদর্শন ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে। মতবিনিময় শেষে বেলা একটায় ক্যাম্প-৪-এ অবস্থিত বিশ্ব খাদ্য সংস্থার সরবরাহ সেন্টার পরিদর্শন করে এবং রোহিঙ্গাদের মধ্যে খাদ্য বিতরণ কার্যক্রম সশরীর ঘুরে দেখে। ক্যাম্প-৫ পরিদর্শন শেষে প্রতিনিধিদলটি ক্যাম্প-৪-এ বৃক্ষরোপণ, বায়োগ্যাস তৈরির প্ল্যান্ট, পরিবেশ রক্ষায় নিয়োজিত স্বেচ্ছাসেবকদের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করে।

পরিদর্শনকালে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াতসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দুপুরের পর প্রতিনিধিদল কক্সবাজারের উদ্দেশে রওনা দেয়।