উখিয়ায় ১১ রোহিঙ্গা আটক
কক্সবাজারের উখিয়া উপজেলায় ২ দিনে ১১ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। আজ রোববার বেলা দেড়টার দিকে উপজেলার কুতুপালং মধুরছড়ার মোচড়া বাজার এলাকা থেকে মোহাম্মদ সৈয়দ (১৫) নামের এক রোহিঙ্গা কিশোরকে আটক করা হয়। এর আগে গতকাল শনিবার একই এলাকা থেকে শিশুসহ ১০ জনকে আটক করা হয়েছে। কক্সবাজার-১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) তাদের আটক করে।
আর্মড পুলিশ বলছে, নোয়াখালীর হাতিয়ায় ভাসানচর আশ্রয়ণ প্রকল্প থেকে ওই ১১ জন পালিয়ে এসেছে। তাদের আটক করে উখিয়া ট্রানজিট ক্যাম্পে পাঠানো হয়েছে।
কক্সবাজার-১৪ এপিবিএনের অধিনায়ক ও পুলিশ সুপার (এসপি) নাঈমুল হক জানান, নোয়াখালীর ভাসানচর থেকে পালিয়ে এসে তারা দুটি রোহিঙ্গা পরিবারে আশ্রয় নেয়।
খবর পেয়ে এপিবিএন পুলিশের সদস্যরা তাদের আটক করে। তারা ৮ মে এক দালালের মাধ্যমে ১৫ হাজার টাকার বিনিময়ে ভাসানচর থেকে ট্রলারে করে নোয়াখালীর একটি জায়গায় এসে আশ্রয় নিয়েছিল। সেখান থেকে পালিয়ে এসে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরে আসে। ভাসানচরে যাওয়ার আগে তারা কুতুপালং রোহিঙ্গা শিবির ৩–এর ৯ নম্বর ব্লকের বাসিন্দা ছিল।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ সামছু-দ্দৌজা প্রথম আলোকে বলেন, বিভিন্ন সময় সাগরপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে কক্সবাজার ও টেকনাফ উপকূল থেকে উদ্ধার করা ৩০৬ জন রোহিঙ্গাকে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা বর্তমানে ভাসানচরে রয়েছে। আর যারা ভাসানচর থেকে পালিয়ে এসেছে, তাদের উখিয়ার ট্রানজিট পয়েন্ট রাখা হয়েছে। পরবর্তী সময়ে আবারও তাদের ভাসানচরে পাঠিয়ে দেওয়া হবে।