উখিয়ায় ৪ লাখ ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২
কক্সবাজারের উখিয়া উপজেলায় পৃথক অভিযানে চার লাখ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। দুটি অভিযানে একজন রোহিঙ্গাসহ দুজনকে গ্রেপ্তার করেছে কক্সবাজার-৩৪ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)–১৫। আজ শনিবার র্যাব ও বিজিবি সূত্রে এ তথ্য জানা যায়।
গ্রেপ্তার দুজন হলেন নাইক্ষ্যংছড়ির বালুখালীর হেডম্যানপাড়ার অটোরিকশাচালক মো. সায়েদ আলম (৪৫) ও বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১০–এর জি ব্লকের বাসিন্দা আনোয়ার ইসলাম (৩৪)।
বিজিবি ও র্যাব সূত্রে জানা যায়, আজ ভোর সাড়ে পাঁচটার দিকে ঘুমধুম সীমান্তচৌকি বিজিবির একটি দল উখিয়া উপজেলার ৫ নম্বর পালংখালী ইউনিয়নের কাস্টমস মোড়ে সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে তল্লাশি চালিয়ে বস্তাভর্তি ৩ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার করে। এ সময় অটোরিকশাটির চালক মো. সায়েদ আলমকে আটক করা হয়। এদিকে ভোররাত তিনটার দিকে র্যাব-১৫–এর একটি বিশেষ দল বালুখালী ক্যাম্প-১০ জি ব্লকের ৯ নম্বর বসতঘরে অভিযান চালিয়ে বস্তাভর্তি ৮০ হাজার ইয়াবা উদ্ধার করেছে। এ সময় ওই ঘরের বাসিন্দা আনোয়ার ইসলাম আটক করা হয়।
কক্সবাজার-৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ ও র্যাবের সহকারী পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানিয়েছেন, এ ঘটনায় দুজনকে উখিয়া থানা–পুলিশের কাছে সোপর্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। সেই মামলায় ওই দুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।