উখিয়া আশ্রয়শিবিরে রোহিঙ্গা নেতা হত্যার ঘটনায় দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রেপ্তার
প্রতীকী ছবি

কক্সবাজারের উখিয়ার কুতুপালং আশ্রয়শিবিরে আজ শুক্রবার ভোরে অভিযান চালিয়ে দুজন রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছেন আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) সদস্যরা। ১৩ ফেব্রুয়ারি ভোরে ক্যাম্পের বি ব্লকে রোহিঙ্গা মাঝি (নেতা) আবুল কালামকে পিটিয়ে হত্যার ঘটনায় তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুতুপালং ক্যাম্প-২ (ওয়েস্ট) এ ব্লকের বাসিন্দা (এফসিএন) সামশুল আলম (৪৬) ও একই ক্যাম্পের ডি ব্লকের আবদুল কাদের (২৬)। তাঁরা মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মি (আরসা) পরিচয় দিয়ে ক্যাম্পে বিভিন্ন অপকর্মে জড়িত বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আশ্রয়শিবিরে নিরাপত্তার দায়িত্বে থাকা ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক ও পুলিশ সুপার মো. নাইমুল হক বলেন, আজ ভোররাত চারটার দিকে পুলিশ ওই ক্যাম্পের বিভিন্ন আস্তানায় অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা দুজন রোহিঙ্গাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তার দুই রোহিঙ্গা আরসা সদস্য পরিচয় দিয়ে ক্যাম্পে নানা অপকর্ম চালাতেন বলে জানা যায়। তবে ক্যাম্পে আরসা নামের কোনো সংগঠনের তৎপরতা নেই।

১৪ এপিবিএন অধিনায়ক বলেন, ক্যাম্পে ইয়াবা বিক্রির টাকা ভাগাভাগি ও নিজের কোন্দল নিয়ে রোহিঙ্গা মাঝি আবুল কালামের সঙ্গে কয়েকজন রোহিঙ্গার বিরোধ চলে আসছিল। এর জেরে আবুল কালামকে পিটিয়ে হত্যা করা হয়। ঘটনার পর পুলিশ অভিযানে নামলে সন্ত্রাসীরা আত্মগোপন করেন। গ্রেপ্তার দুজনকে আজ দুপুরে উখিয়া থানা–পুলিশে হস্তান্তর করা হয়েছে।

আবুল কালাম হত্যাকাণ্ডের ঘটনায় ১৪ রোহিঙ্গার বিরুদ্ধে মামলা হয়েছিল। এর মধ্যে দুজনকে গ্রেপ্তার করা হলেও অন্যরা এখনো পলাতক।

পুলিশ জানায়, ১৩ ফেব্রুয়ারি সকালে পিটুনিতে গুরুতর আহত আবুল কালামকে উদ্ধার করে প্রথমে ক্যাম্পের অভ্যন্তরের এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাঁকে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় কক্সবাজার সদর হাসপাতালে। সকাল ৯টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আবুল কালাম মারা যান।