উখিয়া সীমান্তে বিজিবি-চোরাকারবারির মধ্যে গুলিবিনিময়, ২ লাখ ইয়াবা উদ্ধার
কক্সবাজারের উখিয়া উপজেলা সীমান্তে বিজিবি-চোরাকারবারির মধ্যে গুলিবিনিময়ের পর দুই লাখ ইয়াবা জব্দ করা হয়েছে। এ সময় মো. কামাল হোসেন (৪৫) নামে একজনকে আটক করেছে বিজিবি।
আজ বুধবার ভোরে উপজেলার রত্নাপালং ইউনিয়নের তুলাতলী জলিলের গোদা সেতু এলাকায় এই ঘটনা ঘটে।
কক্সবাজার-৩৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মেহেদী হোসাইন কবির বলেন, বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে গোদা সেতু এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মিয়ানমার থেকে অবৈধভাবে আসা লোকজনকে দেখতে পেয়ে বিজিবির সদস্যরা তাঁদের থামার সংকেত দেন। একপর্যায়ে তাঁরা বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি চালান। আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরাও পাল্টা গুলি ছোড়েন। দুই পক্ষের গুলিবিনিময়ের একপর্যায়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ার সময় একজনকে আটক করা হয়েছে। তাঁর সঙ্গে থাকা একটি বস্তা খুলে দুই লাখ ইয়াবা বড়ি জব্দ করা হয়েছে। যার বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা। তাঁকে উখিয়া থানা-পুলিশে সোপর্দ করা হয়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সঞ্জুর মোরশেদ বলেন, ইয়াবা বড়িসহ আটক আসামিকে কক্সবাজার আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।