উখিয়ায় অস্ত্র তৈরির আস্তানার সন্ধান, ৩ রোহিঙ্গা গ্রেপ্তার: র‍্যাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্গম পাহাড় থেকে বন্দুক, ধারালো লম্বা কিরিচ, গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাব
ছবি: প্রথম আলো

কক্সবাজারের উখিয়ায় দুর্গম পাহাড়ে অস্ত্র তৈরির আস্তানার সন্ধান পেয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। আজ সোমবার ভোররাতে উপজেলার কুতুপালং রোহিঙ্গা শিবিরের এক্স-৪ ক্যাম্পের গহিন পাহাড়ে অভিযান চালিয়ে এই আস্তানার সন্ধান পাওয়া যায়। সেখান থেকে ১০টি অস্ত্র, গুলি ও অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামসহ তিন রোহিঙ্গাকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র‍্যাব।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উখিয়ার কুতুপালং ক্যাম্প সি-১ জি ব্লকের মৃত আজিজুর রহমানের ছেলে বাইতুল্লাহ (১৯), তাঁর ভাই হাবিব উল্লাহ (৩২) ও একই ক্যাম্পের জি–ব্লকের জাহিদ হোসেনের ছেলে মোহাম্মদ হাছুন (২৪)।

র‍্যাব-১৫-এর উপঅধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ তানভীর হাসান প্রথম আলোকে তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে একটি চক্র এখানে আস্তানা বানিয়ে অস্ত্র তৈরি করে আসছিল। সেসব অস্ত্র রোহিঙ্গা সন্ত্রাসীদের কাছে সরবরাহ করা হতো এসব তথ্যের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি বাড়িয়ে আস্তানাটি শনাক্ত করা হয়। আজ ভোররাতে অভিযানে গেলে চার ঘণ্টার বেশি সময় গুলি বিনিময়ের পর এটি নিয়ন্ত্রণে নেওয়া সম্ভব হয়। সেখান থেকে বন্দুক, ধারালো লম্বা কিরিচ, গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার তিনজনকে উখিয়া থানায় সোপর্দ করে মামলা করা হবে বলে জানান তিনি।