উখিয়ার ইউএনওর মুঠোফোন নম্বর ক্লোন করে টাকা দাবির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুঠোফোন
ফাইল ছবি

কক্সবাজারের উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি মুঠোফোন নম্বর ক্লোন করে কয়েকজন ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও সচিবের কাছ থেকে বিভিন্ন প্রকল্পের বরাদ্দ পেতে টাকা দাবি করার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার দুপুরের দিকে এ ঘটনা ঘটেছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, উপজেলার কয়েকজন ইউপি চেয়ারম্যানসহ জনপ্রতিনিধিদের ফোন করে বিষয়টি অবহিত করা হয়েছে। এ ঘটনায় উখিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার প্রক্রিয়া চলছে।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, কয়েক দিন আগে উখিয়ার ইউএনও নিজাম উদ্দিন আহমেদ নোয়াখালী সদর উপজেলার ইউএনও হিসেবে বদলি হন। এরপর নতুন ইউএনও হিসেবে যোগ দেন ইমরান হোসাইন।

জালিয়াপালং ইউপি চেয়ারম্যান ছৈয়দ আলম বলেন, আজ দুপুরের দিকে নতুন ইউএনও পরিচয় দিয়ে টিআর ও কাবিখার কাজের জন্য ৫০ হাজার টাকা দাবি করা হয়। এমন প্রস্তাব শুনে ছৈয়দ আলম বলেছেন, তিনি ঢাকায় অবস্থান করছেন, এখন টাকা দেওয়া সম্ভব নয়। পরে ওই নম্বর থেকে টাকার জন্য আরও তিনবার ফোন দেওয়া হয়।

উপজেলার হলদিয়াপালং ইউপির চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী বলেন, আজ দুপুরের দিকে ইউএনওর সরকারি মুঠোফোন নম্বর থেকে নতুন ইউএনওর পরিচয় দিয়ে ফোন করা হয়। এ সময় কাজ পেতে টাকা দাবি করা হয়। তবে তিনি বিষয়টি প্রতারণা বুঝতে পেরে অন্য কোনো জায়গায় ফোন দিতে বলেন। এ কথা বলার পরই ওপার থেকে সংযোগ কেটে দেওয়া হয়।

এ বিষয়ে উখিয়ার ইউএনও ইমরান হোসাইন প্রথম আলোকে বলেন, উপজেলার কয়েকজন ইউপি চেয়ারম্যান ও সচিবকে এভাবে ফোন করে টাকা চাওয়া হয়েছে। চেয়ারম্যানরা তাৎক্ষণিক তাঁকে ফোন করে ব্যাপারটি জানিয়েছেন। তাঁর সরকারি মুঠোফোন নম্বর ক্লোন করে একটি প্রতারক চক্র এমন করছে। এ বিষয়ে সবাইকে সর্তক থাকার পরামর্শ দিয়েছেন তিনি। এ বিষয়ে থানায় জিডি করা হচ্ছে।