উখিয়ার পাহাড়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেল র‌্যাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের উখিয়া উপজেলায় একটি পাহাড়ে অস্ত্র তৈরি ও মেরামত কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব। উদ্ধার হয়েছে ১০টি দেশীয় আগ্নেয়াস্ত্র
ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়া উপজেলায় একটি পাহাড়ে অস্ত্র তৈরি ও মেরামত কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব। আজ সোমবার ভোরে উপজেলার কুতুপালং এলাকার রোহিঙ্গা ক্যাম্প–সংলগ্ন ওই কারখানায় অভিযান চালানো হয়। সোমবার রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এসব তথ্য জানান।

র‌্যাব জানায়, অভিযানে কারখানাটি থেকে ১০টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ সময় গ্রেপ্তার করা হয়েছে তিন ব্যক্তিকে। তাঁরা হলেন হাবিবুল্লাহ, রাইতুল্লাহ ও হাসান।

র‌্যাব কর্মকর্তা খন্দকার আল মঈন বলেন, ‘সম্প্রতি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প ও আশপাশের এলাকায় সহিংসতার ঘটনা বেড়েছে। মাদক ব্যবসা, লুটতরাজসহ বিভিন্ন অপরাধের তথ্য আমরা পাচ্ছি।’
র‌্যাবের এই কর্মকর্তা আরও বলেন, রোহিঙ্গা ক্যাম্পগুলোতে র‌্যাবের গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সেখানে র‌্যাবের অভিযানও চলবে।