উখিয়ার শিবিরে শিক্ষককে কুপিয়েছেন রোহিঙ্গা যুবক
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে বেসরকারি সংস্থা মুক্তির লার্নিং সেন্টারে কর্মরত এক শিক্ষককে কুপিয়ে আহত করেছেন এক রোহিঙ্গা যুবক।
আহত শিক্ষকের নাম ডেইজি বড়ুয়া (২৮)। তিনি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার কচুবুনিয়া গ্রামের সাধন বড়ুয়ার মেয়ে।
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে উখিয়ার কুতুপালং আশ্রয়শিবির-২ ওয়েস্টের ১৮ নম্বর লার্নিং সেন্টারে এ ঘটনা ঘটে। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন মুক্তির প্রধান নির্বাহী কর্মকর্তা বিমল চন্দ্র দে সরকার। তিনি বলেন, মাদকাসক্ত এক রোহিঙ্গা যুবক হঠাৎ করে লার্নিং সেন্টারে ঢুকে ডেইজিকে এলোপাতাড়ি কোপান। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে প্রথমে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে ডেইজিকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনাটি শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ের সহকারীকে (শিবির ইনচার্জ) জানানো হয়েছে। এনজিও সংস্থা মুক্তির পক্ষ থেকে আহত শিক্ষকের চিকিৎসার বিষয়টি নিশ্চিত করা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
রোহিঙ্গা আশ্রয়শিবিরে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক মো. নাঈমুল হক বলেন, এ ঘটনায় অভিযুক্ত রোহিঙ্গা যুবক মোহাম্মদ আলমকে (৩৫) বালুর মাঠ এলাকা থেকে রক্তমাখা দাসহ আটক করা হয়েছে। তিনি মাদকাসক্ত বলে জানা গেছে। প্রথমে স্ত্রীকে পিটিয়েছেন। এরপর ওই শিক্ষককে সামনে পেয়ে কুপিয়েছেন। তাঁকে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।
কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আশেকুর রহমান বলেন, ওই শিক্ষকের ডান হাত, বাঁ হাতের কবজি, পা, পিঠ, মাথাসহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম করা হয়েছে। তাঁর অবস্থা এখনো শঙ্কামুক্ত নয়।