উখিয়ায় কাভার্ড ভ্যান ও অটোরিকশার সংঘর্ষে নিহত দুই
কক্সবাজারের উখিয়া উপজেলায় কাভার্ড ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে উপজেলার মরিচ্যাবাজার যৌথবাহিনীর তল্লাশিচৌকির দক্ষিণে হিরারদ্বিপ রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের নজির আহমদ (৬২) ও ইমাম হোসেন (৩৪)। তাৎক্ষণিকভাবে আহত চারজনের পরিচয় জানা যায়নি। তাঁদের উদ্ধার করে কক্সবাজার জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাইওয়ে পুলিশ সূত্র জানায়, পণ্যবাহী কাভার্ড ভ্যানটি টেকনাফে যাচ্ছিল। আর বিপরীত দিক থেকে আসছিল কক্সবাজারগামী সিএনজিচালিত অটোরিকশাটি। পথে কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক সড়কের (শহীদ এ টি এম জাফর আলম) হিরারদ্বিপ রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে যাত্রীবাহী সিএনজিটি দুমড়েমুচড়ে যায়। স্থানীয় লোকজন এগিয়ে এসে আহত ব্যক্তিদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেন। ঘটনাস্থলে একজন নিহত হন। আর হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যান।
রামু হাইওয়ে পুলিশ পরিদর্শক মো. আবদুর রউফ বলেন, কাভার্ড ভ্যানের চালক আটক ও দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করেছে পুলিশ। আহত ব্যক্তিদের অবস্থা আশঙ্কাজনক। তাঁরা জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। লাশ দুটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।