উখিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ৪ রোহিঙ্গা গ্রেপ্তার
কক্সবাজারের উখিয়া উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ চার রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে কক্সবাজার ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। গতকাল বুধবার সন্ধ্যা ছয়টায় উখিয়ার রাজাপালং ইউনিয়নের কুতুপালং লাম্বাশিয়া রোহিঙ্গা শিবিরসংলগ্ন স্থানীয় বাসিন্দা শফি আলমের বসতবাড়ি এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
এপিবিএনের ভাষ্য, গ্রেপ্তার চারজন রোহিঙ্গা ডাকাত ও সন্ত্রাসী। তাঁদের কাছ থেকে পাঁচটি দেশি ধারালো রামদা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোহাম্মদ রশিদ (২৬), খালেদ হোসেন (৩৯), মো. শাহ আলম (২৫) ও জয়নাল উদ্দিন (৩৪)। তাঁদের সবার বসবাস রোহিঙ্গা শিবিরে।
আজ বৃহস্পতিবার কক্সবাজার ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক ও পুলিশ সুপার নাঈমুল হক জানান, ২০ থেকে ৩০ জনের একটি ডাকাত দল দেশি অস্ত্র নিয়ে কুতুপালং লাম্বাশিয়া রোহিঙ্গা শিবিরসংলগ্ন রাস্তার ওপর অবস্থান নেওয়ার খবর পেয়ে এপিবিএন পুলিশ ফাঁড়ির একটি বিশেষ দল অভিযানে যায়। ডাকাত দল পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে চার রোহিঙ্গাকে আটক করা হয়। এ সময় তাঁদের পরা লুঙ্গির ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা পাঁচটি ধারালো রামদা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় উখিয়া থানায় মামলা করে তাঁদের পুলিশে সোপর্দ করা হয়েছে। সেই মামলা তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সঞ্জুর মোরশেদ বলেন, গ্রেপ্তার চারজনকে আজ দুপুরে কক্সবাজার আদালতে পাঠানো হবে।