উখিয়ায় রোহিঙ্গা শিবিরের সাতটি বসতি ও একটি সেন্টার পুড়ে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের উখিয়ার কুতুপালং আশ্রয়শিবিরে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এপিবিএন ও রোহিঙ্গাদের এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আজ বিকেলে কুতুপালং ক্যাম্প-৪–এ
ছবি: প্রথম আলো

তিন দিনের ব্যবধানে কক্সবাজারের উখিয়ার কুতুপালং (ক্যাম্প-৪) আশ্রয়শিবিরে আবার অগ্নিকাণ্ড ঘটেছে। আজ শুক্রবার বিকেল চারটার দিকে এ আগুনে বেসরকারি সংস্থা ‘মুক্তি কক্সবাজার’-এর একটি লার্নিং সেন্টার ও সাতটি রোহিঙ্গা বসতি পুড়ে গেছে। রোহিঙ্গা শরণার্থীরা জানান, দ্রুত আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব না হলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেড়ে যেত।

রোহিঙ্গা আশ্রয়শিবিরের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা জানান, বিকেল সাড়ে চারটার দিকে ক্যাম্প-৪-এর এফ-ব্লকের একটি রোহিঙ্গা বসতির রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত। এরপর আগুন আশপাশের বসতিতে ছড়িয়ে পড়ে। এপিবিএনসহ রোহিঙ্গারা দ্রুত পানি ঢেলে সাড়ে পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ সামছুদ্দৌজা প্রথম আলোকে বলেন, আগুনে সাতটি রোহিঙ্গা বসতি ও বেসরকারি সংস্থার একটি লার্নিং সেন্টার পুড়ে গেছে। আগুন দ্রুত নিয়ন্ত্রণ করার ক্ষয়ক্ষতি কম হয়েছে। আগুন লাগার কারণ অনুসন্ধান করা হচ্ছে বলে জানান তিনি।

এপিবিএন পুলিশ জানায়, গত মঙ্গলবার বিকেলে প্রায় দুই ঘণ্টার আগুনে বালুখালী ক্যাম্প-৫-এর ৫৫৩টি রোহিঙ্গা বসতি পুড়ে যায়। এর মধ্যে ৪৬০টি বসতি সম্পূর্ণ এবং বাকিগুলো আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। গৃহহীন হয়ে পড়েন অন্তত তিন হাজার রোহিঙ্গা শরণার্থী। এর বাইরে আরও তিনটি মক্তব, তিনটি মসজিদ, ছয়টি এনজিও স্কুল ও একটি ফিল্ড হাসপাতাল পুড়ে গেছে। আগুনে মো. আয়াছ (৩) নামের এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে। আশ্রয়শিবিরের বি ব্লকের মোছরাবাজার এলাকার পাহাড়ের ঢালুর একটি রোহিঙ্গা বাড়ির রান্নাঘরের গ্যাসের চুল্লি থেকে আগুনের সূত্রপাত হয়েছিল।

আরও পড়ুন
কক্সবাজারের উখিয়ার কুতুপালং আশ্রয়শিবিরে অগ্নিকাণ্ডে সাত রোহিঙ্গা বসতি ও একটি লার্নিং সেন্টার পুড়ে ছাই হয়েছে। আজ শুক্রবার বিকেলে কুতুপালং ক্যাম্প-৪–এ
ছবি: প্রথম আলো

রোহিঙ্গা নেতারা (মাঝি) বলেন, চলতি বছরের গত দুই মাসে আশ্রয়শিবিরগুলোতে সাত দফা অগ্নিকাণ্ড ঘটেছে, যা আগে কখনো ঘটেনি। হঠাৎ করে আগুন লাগার পেছনে অন্য কোনো কারণ বা নাশকতার বিষয় আছে কি না, অনুসন্ধান করা জরুরি।

রোহিঙ্গা নেতা সৈয়দুল আমিন (৫০) প্রথম আলোকে বলেন, অধিকাংশ রোহিঙ্গা বসতি বাঁশ ও ত্রিপল দিয়ে বানানো এবং একটির সঙ্গে আরেকটি লাগানো। একটি শেডে ৪০ থেকে ৫০টি পরিবার থাকে। কোনো একটি ঘরে আগুন লাগলে অন্য ঘরগুলো রক্ষার উপায় নেই। এ ছাড়া শিবিরগুলোতে ফায়ার সার্ভিস বাহিনীর কোনো স্টেশন নেই। ২০ থেকে ৪০ কিলোমিটার দূরে উখিয়া ও টেকনাফ সদর থেকে ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছাতে পৌঁছাতে সবকিছু পুড়ে শেষ হয়ে যায়।

আরও পড়ুন

২০২১ সালের ২২ মার্চ পার্শ্ববর্তী বালুখালী (ক্যাম্প-৮, ৯ ও ১০) আশ্রয়শিবিরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ হাজারের বেশি রোহিঙ্গা বসতি পুড়ে ছাই হয়ে যায়। এ সময় আগুনে পুড়ে মারা যান ছয় শিশুসহ ১৫ জন শরণার্থী। গত ২৫ ফেব্রুয়ারি দুপুরে উখিয়ার কুতুপালং (ক্যাম্প-৭) আশ্রয়শিবিরের এ-ব্লকে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে যায়। ৯ জানুয়ারি উখিয়ার শফিউল্লাহকাটা আশ্রয়শিবিরে অগ্নিকাণ্ডে প্রায় ৬০০ রোহিঙ্গা বসতি পুড়ে ছাই হয়। এতে তিন হাজার রোহিঙ্গা গৃহহীন হয়ে পড়ে। ২ জানুয়ারি বালুখালী (ক্যাম্প-২০) আশ্রয়শিবিরে জাতিসংঘের অভিবাসনবিষয়ক সংস্থা (আইওএম) পরিচালিত করোনা হাসপাতালের আইসোলেশন সেন্টার পুড়ে ছাই হয়।