উখিয়ায় র্যাব পরিচয়ে ছিনতাই-অপহরণের অভিযোগে দুজনকে গ্রেপ্তার
কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী এলাকায় র্যাব পরিচয়ে ডাকাতি, ছিনতাই ও অপহরণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল বৃহস্পতিবার সকালে তাঁদের আটকের পর সন্ধ্যার দিকে গণমাধ্যমকে এ তথ্য জানান র্যাব-১৫–এর উপ-অধিনায়ক মেজর মনজুর মেহেদী।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাজপাট এলাকার সুমন মুন্সি (৩০) ও উখিয়ার ময়নারঘোনা এলাকার শহিদ সিকদার (৪০)। র্যাব দাবি করেছে, আটকের সময় তাঁদের কাছ থেকে দুটি দেশি পিস্তল, দুটি কার্তুজ, র্যাবের দুটি ভুয়া আইডি কার্ড, দুটি জ্যাকেট, একটি হাতকড়া, পিস্তলের দুটি কভার ও দুটি ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার সুমন মুন্সির বিরুদ্ধে বিভিন্ন থানায় সাতটি মামলা রয়েছে।
মেজর মনজুর মেহেদী বলেন, উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী বাজারে বিভিন্ন দোকানে কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে র্যাব পরিচয়ে অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদা দাবি, লুটপাট, ডাকাতি, অপহরণ, ছিনতাইসহ নানা অপরাধমূলক কাজ করছেন বলে অভিযোগ ছিল। এ নিয়ে তদন্ত করছিল র্যাবের একটি বিশেষ দল। তিনি বলেন, গ্রেপ্তার সুমন মুন্সি এবং তাঁর দুই সহযোগী মো. কাশেম ও শহিদ সিকদার উখিয়ার থাইংখালী থেকে এক রোহিঙ্গাকে র্যাব পরিচয়ে অপহরণ করে তাঁর কাছ থেকে চার লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। পরে ওই ভুক্তভোগী তাঁদের ৪০ হাজার টাকা দিয়ে মুক্তি পান। বিষয়টি নজরে আসে র্যাবের। এরপর র্যাব–১৫–এর একটি দল তাঁদের গ্রেপ্তার করে। এ দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য উখিয়া থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মামলার পর আজ শুক্রবার সকালে তাঁদের কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।