উখিয়ায় ১৯১ ভরি স্বর্ণসহ চোরাকারবারি আটক
কক্সবাজারের উখিয়ায় ১৯১ ভরি সোনাসহ এক ব্যক্তিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল বুধবার দিবাগত রাত সোয়া একটার দিকে উপজেলার পালংখালী এলাকা থেকে সোনাগুলো জব্দ করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে র্যাব-১৫ কক্সবাজার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে র্যাব-১৫-এর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খায়রুল ইসলাম সরকার এসব তথ্য জানান।
আটক ওই ব্যক্তির নাম করম আলী (৩৭)। তিনি টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের মনিয়াঘোনা এলাকার ঠান্ডা মিয়ার ছেলে। র্যাবের দাবি, করম আলী স্বর্ণ কারবারি চক্রের সঙ্গে জড়িত।
র্যাব জানায়, মিয়ানমার থেকে অবৈধভাবে সোনার চালান আসার খবরের ভিত্তিতে পালংখালী এলাকায় র্যাব টহলে নামে। রাত সোয়া একটার দিকে পালংখালীতে র্যাব তল্লাশি শুরু করে। ওই সময় এক ব্যক্তি র্যাবের চেকপোস্ট দেখে সেখান থেকে পালানোর চেষ্টা করলে র্যাব সদস্যরা ধাওয়া করে তাঁকে আটক করেন।
পরে ওই ব্যক্তির দেহ তল্লাশি করে ১০ ভরি ওজনের ৬টি সোনার বার, ৪টি নেকলেস, ৩৩টি গলার মালা, ১৭টি চুড়িসহ মোট ১৯১ ভরি ৬ আনা স্বর্ণালংকার উদ্ধার করা হয়। উদ্ধার স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২৬ লাখ ৯ হাজার ৪৫৯ টাকা বলে দাবি করছে র্যাব।
খায়রুল ইসলাম সরকার বলেন, আটক ওই ব্যক্তি স্বর্ণের চালানটি পালংখালী রোহিঙ্গা ক্যাম্পে নিয়ে যাচ্ছিলেন। প্রাথমিক জিজ্ঞাবাদে ওই ব্যক্তি জানিয়েছেন, স্থানীয় কয়েকজন এ স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত। আটক করিমকে উখিয়া থানা-পুলিশের কাছে হস্তান্তর করে মামলার প্রস্তুতি চলছে।