উখিয়ায় ৩০ হাজার ইয়াবাসহ এক রোহিঙ্গা গ্রেপ্তার
কক্সবাজারের উখিয়া থেকে ৩০ হাজার ইয়াবাসহ মোহাম্মদ জুবাইর (২২) নামের এক রোহিঙ্গা মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের থাইংখালী সেতু এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এ সময় জুবাইরের কাছ থেকে মাদক বিক্রির ৯৩ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়েছে। তবে ঘটনাস্থল থেকে শামসুল আলম (৫৭) নামের আরেক রোহিঙ্গা পালিয়ে যান।
কক্সবাজার র্যাব-১৫-এর মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গ্রেপ্তার জুবাইর টেকনাফের ২১ নম্বর চাকমারকূল ক্যাম্পের ব্লক-বি/৬-এর বাসিন্দা লোকমান হাকিমের ছেলে। এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর ইয়াবা ও টাকাসহ গ্রেপ্তার ব্যক্তিকে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে। ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া শামসুল আলমকে সেখানে পলাতক আসামি করা হয়েছে। তিনি একই ক্যাম্পের মৃত নাজির হোসাইনের ছেলে।
গ্রেপ্তার ও পলাতক দুই রোহিঙ্গা মাদক কারবারি টেকনাফের ২১ নম্বর চাকমারকূল ক্যাম্পের বাসিন্দা।
আবু সালাম চৌধুরী বলেন, আজ ভোর পাঁচটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার পালংখালী ইউনিয়নের থাইংখালী সেতু এলাকায় অভিযান চালায় র্যাব। এ সময় পালানোর চেষ্টাকালে মোহাম্মদ জুবাইরকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে তাঁর সহযোগী শামসুল আলম পালিয়ে যান। এ সময় আটক জুবাইরের দেহ তল্লাশি করে ৩০ হাজার ইয়াবা এবং ইয়াবা বিক্রির ৯৩ হাজার ৫০০ টাকা পাওয়া যায়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সঞ্জুর মোরশেদ বলেন, ইয়াবা ও মাদক বিক্রির টাকাসহ গ্রেপ্তার ব্যক্তিকে বিকেলে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।