উচ্ছেদ আতঙ্কে সাঁওতালেরা

১৩ বছরে বনের ক্ষতির পরিমাণ ৬১ দশমিক ৬১ শতাংশ। বনভূমি রক্ষায় সৈকতে ভাঙন প্রতিরোধের উদ্যোগ নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইপিজেড নির্মাণের উদ্যোগের প্রতিবাদে গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কে মানববন্ধন করেন সাঁওতালরা। গতকাল দুপুরে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ এলাকায়
ছবি: প্রথম আলো

প্রশাসন বলছে, গাইবান্ধার গোবিন্দগঞ্জে রংপুর চিনিকলের জমিতে ইপিজেড হলে অসংখ্য শিল্পকারখানা গড়ে উঠবে। সেখানে কর্মসংস্থানে অগ্রাধিকার পাবেন সাঁওতালরা। তবে এই কথা কানে তুলছেন না তাঁরা। সাঁওতালরা বলছেন, এগুলো তাঁদের বাপ-দাদার জমি। ইপিজেড হলে তাঁরা জমি থেকে উচ্ছেদ হবেন। জীবিকা হারিয়ে পথে বসবেন। ইপিজেডের বিরুদ্ধে গতকাল মঙ্গলবারও মাঠে ছিলেন সাঁওতালরা। এর মধ্যেই এলাকা পরিদর্শন করে গেলেন বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী চেয়ারম্যান।

রংপুর চিনিকলের ওই জমিতে ইপিজেড (রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল) নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর অনুমোদনের পর কাজ শুরুও করে দিয়েছে বেপজা। স্থানীয় আওয়ামী লীগসহ নাগরিক সংগঠনগুলোও ইপিজেডের পক্ষে মাঠে আছে। কিন্তু ওই জমিতে ইপিজেড হতে দিতে নারাজ স্থানীয় সাঁওতালরা।

রংপুর চিনিকল সূত্র জানায়, ১৯৫৩ সালে গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ এলাকায় রংপুর চিনিকল গড়ে ওঠে। চিনিকল কর্তৃপক্ষ ১৯৫৪ সালে উপজেলার সাপমারা ইউনিয়নের সাহেবগঞ্জ বাগদা ফার্ম এলাকায় ১ হাজার ৮৩২ একর জমি অধিগ্রহণ করে। তখন থেকে চিনিকলের আওতায় ওই জমিতে আখ চাষ হচ্ছে। উৎপাদিত আখ রংপুর চিনিকলে মাড়াই হয়ে থাকে। অবশ্য পর্যাপ্ত আখের অভাবে গত বছর সরকার এই চিনিকলে আখমাড়াই বন্ধ ঘোষণা করে।

স্থানীয় সাঁওতালরা ওই জমি তাঁদের বাপ-দাদার দাবি করে ২০১৬ সালের মাঝামাঝি আন্দোলন গড়ে তোলেন। জমি উদ্ধারে গঠিত হয় সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি। শুরু হয় নানা কর্মসূচি। ওই বছরের ৬ নভেম্বর জমি থেকে আখ কাটাকে কেন্দ্র করে চিনিকল কর্তৃপক্ষ ও পুলিশের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষ হয়। এতে সাঁওতাল সম্প্রদায়ের তিনজন নিহত ও পুলিশসহ অন্তত ২০ জন আহত হন। পরে চিনিকল কর্তৃপক্ষ কাঁটাতারের বেড়া দিয়ে জমিটি তাদের দখলে নেয়। কিন্তু তিন বছর আগে সাঁওতালরা কাঁটাতারের বেড়া ভেঙে জমিগুলোর দখল নেন। এর পর থেকে সেখানে তাঁরা নানা ধরনের ফসলের চাষ করে আসছেন।

গতকাল বিকেলে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল নজরুল ইসলাম এলাকা পরিদর্শন করেন। এর আগে দুপুরে তিনি গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ে চিনিকল কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের সঙ্গে বৈঠক করেন।

জেলা প্রশাসক আবদুল মতিন প্রথম আলোকে বলেন, ইপিজেড নির্মাণ কীভাবে হবে, কবে হবে—সেসব বিষয় জানাতে এটা ছিল প্রথম বৈঠক। এরপর সাঁওতালদের সঙ্গেও বৈঠক হবে। ইপিজেড হলে দুই লাখ মানুষের কর্মসংস্থান হবে। ইপিজেডের কারণে যাঁরা ক্ষতিগ্রস্ত হবেন, তাঁদের পুনর্বাসন করা হবে।

তবে প্রশাসনের এসব কথা কানে তুলছেন না সাঁওতালরা। তাঁরা ইপিজেড না করার দাবিতে মানববন্ধন, সড়ক অবরোধসহ নানা কর্মসূচি পালন করছেন। সাহেবগঞ্জ বাগদা ফার্মসংলগ্ন গোবিন্দগঞ্জ উপজেলার জয়পুর গ্রামের শিক্ষক প্রিসিলা মুরমু বলেন, এখানে ইপিজেড হলে তাঁর সম্প্রদায়ের লোকজন বাপ-দাদার জমি থেকে উচ্ছেদ হবে। যাঁরা জমি চাষাবাদ করে জীবিকা নির্বাহ করছিলেন, তাঁরা পথে বসবেন।

সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাস্কে বলেন, ১৯৫৪ সালে জমিগুলো ইজারা নিয়েছিল সরকার। ইজারা চুক্তিতে ছিল, কখনো এই জমিতে আখ চাষ না হলে সাঁওতালদের ফেরত দিতে হবে। এখানে ইপিজেড হলে তাঁরা বাপ-দাদার জমি হারিয়ে নিঃস্ব হবেন জানিয়ে তিনি বলেন, এ কারণেই ইপিজেড নির্মাণের বিপক্ষে আন্দোলন চলছে। সরকার এই পরিকল্পনা বাতিল না করা পর্যন্ত আন্দোলন চলবে।

ইপিজেডের বিরুদ্ধে গতকালও মাঠে ছিলেন সাঁওতাল সম্প্রদায়ের সদস্যরা। তাঁরা দুপুরে গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের সাহেবগঞ্জ এলাকায় মানববন্ধন করেন। কর্মসূচিতে সভাপতিত্ব করেন বার্নাবাস টুডু। এর আগে সোমবার বিকেলে সাঁওতালরা তির-ধনুক হাতে নিয়ে মহাসড়ক অবরোধ করেন। একই সময়ে ইপিজেড নির্মাণের পক্ষে উপজেলাবাসীর ব্যানারে গোবিন্দগঞ্জ শহরের চারমাথা এলাকায় মানববন্ধন হয়। কর্মসূচির নেতৃত্বে ছিলেন আওয়ামী লীগের স্থানীয় নেতারা।

রংপুর চিনিকলের জমিতে ইপিজেড স্থাপনের দাবিতে স্থানীয় আওয়ামী লীগের পাশাপাশি সোচ্চার রয়েছে নাগরিক সংগঠনের প্রতিনিধিরাও। তাঁরা পাল্টা কর্মসূচি পালন করছেন।

উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রধান আতাউর রহমান বলেন, ‘সরকারের ইপিজেড স্থাপনের সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই।’ ক্ষমতাসীন দলের এই নেতার অভিযোগ, একটি মহল নিজেদের উদ্দেশ্য হাসিলের জন্য সাঁওতালদের আন্দোলনে উসকে দিচ্ছে।

গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির আহ্বায়ক মতিন মোল্লা বলেন, সাঁওতালদের কর্মসংস্থানের নিশ্চয়তা দিয়ে ইপিজেড হলে সমস্যার নিরসন হবে।

এসব বিষয়ে রংপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক নুরুল কবির প্রথম আলোকে বলেন, বর্তমানে চিনিকলে আখমাড়াই বন্ধ। জমিগুলো কাজে লাগছে না। তাই সরকার এখানে ইপিজেড নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে। ইপিজেড হলে অসংখ্য শিল্পকারখানা গড়ে উঠবে। মানুষের কর্মসংস্থান হবে। এ ক্ষেত্রে সাঁওতালদের অগ্রাধিকার দেওয়া হবে। সাঁওতালদের দাবি প্রসঙ্গে তিনি বলেন, সরকার জমি অধিগ্রহণ করলে তা ফেরত দেওয়ার কোনো সুযোগ নেই।