উচ্ছেদ ঠেকালেন সাবেক মেয়র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবৈধ বস্তি উচ্ছেদ অভিযানের খবর পেয়ে গতকাল রাজশাহী নগরের বহরমপুর রেলক্রসিং এলাকায় গিয়ে বস্তিবাসীর সঙ্গে কথা বলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুজ্জামান লিটন l প্রথম আলো
অবৈধ বস্তি উচ্ছেদ অভিযানের খবর পেয়ে গতকাল রাজশাহী নগরের বহরমপুর রেলক্রসিং এলাকায় গিয়ে বস্তিবাসীর সঙ্গে কথা বলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুজ্জামান লিটন l প্রথম আলো

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলেন, সকালে রেলওয়ের পশ্চিমাঞ্চল কর্তৃপক্ষ বহরমপুর থেকে কোর্ট স্টেশন ও রায়পাড়া রেলক্রসিং এলাকায় রেললাইনের দুই পাশের অবৈধ বস্তি উচ্ছেদ অভিযান শুরু করে। তারা কোর্ট স্টেশন এলাকায় ছয়টি দোকানঘর, রায়পাড়া রেলক্রসিংয়ের পাশের আওয়ামী লীগের স্থানীয় দুটি কার্যালয়, রেললাইনের খুব কাছের একটি বসতবাড়ি ও চারটি দোকানঘর উচ্ছেদ করে। উচ্ছেদ করা বসতবাড়ির মালিক সেলিনা আক্তার প্রথম আলোকে বলেন, বাড়ি উচ্ছেদের ব্যাপারে আগে থেকে তাদের কোনো নোটিশ দেওয়া হয়নি বা কোনোভাবে জানানো হয়নি।

উচ্ছেদ অভিযানকারীরা বহরমপুর এলাকার দিকে এলে বস্তিবাসীরা অভিযানের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করে। খবর পেয়ে এ এইচ এম খায়রুজ্জামান লিটন সেখানে ছুটে যান। তিনি রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ফোন করে ওই এলাকায় উচ্ছেদ অভিযান না করার জন্য বলেন। পরে তিনি বস্তিবাসীর সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, রাজশাহী সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাবিব আহম্মেদ, ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান, রেলওয়ে শ্রমিক লীগ সদর দপ্তর (পশ্চিমাঞ্চল) শাখার সভাপতি মোতাহার হোসেন, সাধারণ সম্পাদক মেহেদি হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

খায়রুজ্জামান লিটন বস্তিবাসীর উদ্দেশে বলেন, ‘আমি এমপি না, মন্ত্রী না, মেয়র না। তারপরও আপনাদের মাঝে আমি এসেছি, আপনাদের পাশে দাঁড়িয়েছি।’

খায়রুজ্জামান বলেন, ‘মানুষ শখ করে রেললাইনের পাশের বস্তিতে বসবাস করেন না। কোনো না কোনোভাবে তাদের জমিজমা সব হারিয়ে সর্বস্বান্ত হয়েছেন। নিরুপায় হয়ে বস্তিতে বসবাস করছেন আপনারা। আমি থাকতে কেউ আপনাদের বাড়ি ভাঙতে পারবে না। কেউ ভাঙতে এলে আমি সামনে গিয়ে দাঁড়াব।’

একই সঙ্গে তিনি বস্তিতে বাস করে অসামাজিক কাজেরও সমালোচনা করেন। তিনি বলেন, ‘রেললাইনের পাশের জায়গা দখল করে যারা মাদক বিক্রি করছে, জুয়া খেলার আয়োজন করছে, এরা সমাজের শত্রু। এদের আপনাদেরই উচ্ছেদ করতে হবে।’

তিনি বলেন, ‘সামনে সিটি করপোরেশন নির্বাচন। এ নির্বাচনে আমি যদি মেয়র হতে পারি, তাহলে আপনাদের পুনর্বাসন করা হবে। আপনাদের পুনর্বাসন করার মতো অনেক জায়গা রাজশাহীতে আছে। সরকারি বিভিন্ন প্রকল্প রয়েছে। সরকারিভাবেই আপনাদের পুনর্বাসন করা হবে।’

জানতে চাইলে এ এইচ এম খায়রুজ্জামান লিটন রেলওয়ে কর্তৃপক্ষকে ফোন করে উচ্ছেদ অভিযান না করার কথা স্বীকার করেন। তিনি মেয়র নির্বাচিত হলে বস্তিবাসীদের পুনর্বাসন করার ঘোষণা দেওয়ার কথাও স্বীকার করেন।

বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের ভূসম্পত্তি কর্মকর্তা ইউনুস আলী বলেন, রেলওয়ের জমিজমা উদ্ধারের ধারাবাহিক প্রক্রিয়ার অংশ হিসেবে মূলত এই উচ্ছেদ অভিযান চালানো হয়। রেললাইনের পাশে অনেক অবৈধ বস্তি রয়েছে। তারা গতকাল সকাল সাড়ে নয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত খুবই ঝুঁকিপূর্ণ স্থাপনাগুলো উচ্ছেদ করেছেন। পরে ধীরে ধীরে অন্যগুলো উচ্ছেদ করা হবে। অভিযানের আগে একাধিকবার মাইকিং করা হয়েছে।