পাবনার বেড়া
উচ্ছেদের পরপরই দখল
কাশিনাথপুর আর বেড়া বাসস্ট্যান্ডে অবৈধভাবে কয়েক হাজার দোকানপাট বসে। গত মার্চের অভিযানে ১ হাজারে বেশি স্থাপনা উচ্ছেদ করা হয়েছিল।
পাবনার বেড়া উপজেলায় পাবনা-ঢাকা মহাসড়কসংলগ্ন কাশিনাথপুর ও বেড়া বাসস্ট্যান্ড এলাকায় বারবার উচ্ছেদ অভিযান চালানো হলেও প্রতিবারই দখলের ঘটনা ঘটেছে। সবশেষ গত মার্চে অভিযান চালিয়ে ১ হাজারের বেশি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হলেও গত চার মাসে আবারও দোকানপাট গড়ে উঠেছে। মহাসড়কসংলগ্ন হওয়ায় দুটি স্থানে নিয়মিত যানজট তৈরি হয়।
পাবনা সড়ক ও জনপথ বিভাগ (সওজ) সূত্রে জানা যায়, এ দুটি স্থানে গত ১০ বছরে পাঁচবার উচ্ছেদ অভিযান চালানো হয়। প্রতিবারই দুই থেকে তিন মাসের মধ্যে আবার অবৈধ স্থাপনা গড়ে ওঠে। কাশিনাথপুর ও বেড়া বাসস্ট্যান্ডসংলগ্ন এলাকায় বসে জেলার দুটি বড় হাট। এ কারণে দুটি স্থানে অবৈধভাবে দোকানপাট গড়ে তোলেন ব্যবসায়ীরা। হাট দুটি হলো কাশিনাথপুর ও করমজা।
চলতি বছরের ৩ মার্চ সওজ কাশিনাথপুরে অভিযান চালিয়ে ১ হাজারের বেশি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে। এরপর মহাসড়কের ওই অংশ যানজট মুক্ত হয়। এর আগে একই জায়গায় ২০১৯ সালের ৩১ জুলাই এবং বেড়া বাসস্ট্যান্ড এলাকায় ১ আগস্ট প্রায় দেড় হাজার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
পরিবহনশ্রমিকেরা জানান, বেড়া ও কাশিনাথপুর বাসস্ট্যান্ডে প্রতিদিনই যানজট লাগলেও হাটবারে তা ভয়াবহ আকার ধারণ করে। বেড়া বাসস্ট্যান্ডসংলগ্ন এলাকায় শনি ও মঙ্গলবার এবং কাশিনাথপুরে রবি ও বৃহস্পতিবারে হাট বসে। তখন স্থান দুটিতে ঘণ্টার পর ঘণ্টা যানজট লেগে থাকে।
গত বৃহস্পতিবার সকালে কাশিনাথপুর হাটে গিয়ে দেখা যায় মহাসড়কের জায়গায় দখল হওয়ায় হাটের জায়গা সংকুচিত হয়ে পড়েছে। আগে হাটুরেরা সওজের খোলা জায়গায় বেচাকেনা করতে পারলেও এখন মহাসড়কে গিয়ে বসছেন। পেঁয়াজ, মরিচসহ বিভিন্ন পণ্য মহাসড়কের ওপরে রেখে বিক্রি করছিলেন বিক্রেতারা।
কাশিনাথপুরের গোলচত্বরের কাছে যে জায়গাটি গত ৩ মার্চ দখলমুক্ত করা হয়েছিল, সেখানে দেখা যায় একটা অংশ দখল করে গড়ে উঠেছে মাইক্রো বাসস্ট্যান্ড। নাম প্রকাশ না করার শর্তে চার থেকে পাঁচজন অস্থায়ী দোকানদার জানান, আপাতত টং ঘর তৈরি করে তাঁরা ব্যবসা করছেন।
সওজের পাবনা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী এ কে এম শামসুজ্জোহা বলেন, বেদখল জায়গা আবারও দখলমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে উদ্ধার করা জায়গা স্থায়ীভাবে দখলমুক্ত রাখতে সেখানে বাগান করাসহ নানা পদক্ষেপ গ্রহণের পরিকল্পনা নেওয়া হয়েছে।