উচ্ছেদের সঙ্গে পাল্লা দিয়ে গ্যাসের অবৈধ লাইন নির্মাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার অদূরে সাভারে তিতাসের অবৈধ লাইন নির্মাণের কাজ চলছেই। আশুলিয়ার পলাশবাড়ীতে গত মঙ্গলবার রাতে প্রায় দুই কিলোমিটার দীর্ঘ অবৈধ লাইন বসানো হয়েছে। বিষয়টি জানার পরও তিতাসের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
এদিকে আশুলিয়ার ভাদাইল পবনারটেক এলাকায় পুনরায় অবৈধ লাইন নির্মাণের প্রস্তুতি চলছে বলে এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে। গত মঙ্গলবার ওই এলাকায় অভিযান চালিয়ে ৭০০ ফুট লাইন অপসারণ করা হয়। মাস চারেক আগে একই এলাকা থেকে অবৈধ লাইন অপসারণের পর পুনরায় সংযোগ দেওয়া হয়েছিল।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির বলেন, গ্যাসের অবৈধ ব্যবহারকারীদের বিরুদ্ধে তিতাসের পক্ষ থেকে মামলা করা হয় না। এতে অবৈধভাবে গ্যাস ব্যবহারের প্রবণতা বেড়েই চলেছে।
আর তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির সাভার বিক্রয় এলাকার ব্যবস্থাপক সত্যজিৎ ঘোষ বলেন, আইন প্রয়োগকারী সংস্থার সহায়তা না পাওয়ায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সম্ভব হয় না। আর পুলিশের গড়িমসির কারণে মামলা দেওয়াও সম্ভব হয় না।
খোঁজ নিয়ে জানা গেছে, এক সপ্তাহের বেশি সময় ধরে পলাশবাড়ী এলাকায় ছয় শতাধিক বাড়িতে অবৈধভাবে গ্যাস-সংযোগ দেওয়ার পাঁয়তারা চলে। এ জন্য তিতাসের একজন ঠিকাদার ও স্থানীয় এক প্রভাবশালী বাড়িপ্রতি ৩০ থেকে ৬০ হাজার টাকা আদায় করেছেন।
আশুলিয়া থানার একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, মাহফুজ নামের তিতাসের একজন ঠিকাদার ও তাহের মিয়া নামে স্থানীয় প্রভাবশালীর আত্মীয় ওই লাইন নির্মাণের কাজ করছেন। তাঁরা গত মঙ্গলবার রাতে ট্রাকযোগে পাইপ এনে ওই এলাকায় প্রায় দুই কিলোমিটার লাইন নির্মাণ করেছেন।
পলাশবাড়ী এলাকায় গ্যাসের অবৈধ সংযোগ নিতে আগ্রহী কয়েক ব্যক্তি বলেন, তিতাস কর্তৃপক্ষকে ঘুষ দিয়ে সংযোগ বৈধকরণসহ লাইন নির্মাণের খরচের কথা বলে তাঁদের কাছ থেকে চাঁদা আদায় করা হয়েছে। লাইন নির্মাণ করা হলেও গতকাল বুধবার পর্যন্ত কোনো বাড়িতে সংযোগ দেওয়া হয়নি।
পবনারটেক এলাকার খায়রুল ইসলাম ও আবু হানিফসহ অনেকে বলেন, বছর খানেক আগে তাঁদের এলাকায় অন্তত ৫০০ বাড়িতে অবৈধ সংযোগ দেওয়া হয়। মাস চারেক আগে তিতাস কর্তৃপক্ষ লাইন উচ্ছেদ করার পর পুনরায় সংযোগ দেওয়া হয়। গত মঙ্গলবারের উচ্ছেদ অভিযানের পর আবারও পাইপ কেনা হয়েছে। খুব শিগগিরই সংযোগ দেওয়া হবে।
ব্যবস্থাপক সত্যজিৎ ঘোষ বলেন, পুলিশ মামলা না নেওয়ায় উচ্ছেদ অভিযানের পর সংশ্লিষ্ট ব্যক্তিরা পুনরায় সংযোগের ব্যবস্থা করার সাহস পাচ্ছে। কয়েক মাস আগে পবনারটেক এলাকায় অভিযান চালিয়ে অবৈধ লাইন উচ্ছেদ করা হয়। কিন্তু এর কয়েক দিন পর আবার সংযোগ দেওয়া হয়। তিনি আরও বলেন, পলাশবাড়ী এলাকায় মঙ্গলবার রাতে অবৈধভাবে লাইন নির্মাণের অভিযোগ পাওয়ার পরও আইন প্রয়োগকারী সংস্থার সহায়তা না পেয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। তবে খুব শিগগিরই ওই এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হবে। এ ছাড়া আশুলিয়ার কলমা এলাকায় কাল (আজ বৃহস্পতিবার) উচ্ছেদ অভিযান চালানো হবে।
ওসি মহসিনুল কাদির বলেন, অবৈধ লাইন নির্মাণসংক্রান্ত তথ্য সংগ্রহ করার দায়িত্ব তিতাস কর্তৃপক্ষের। তারা অভিযোগ করলে পুলিশের পক্ষ থেকে তাদের সহায়তা দেওয়া হবে। কিন্তু তিতাস কর্তৃপক্ষ অবৈধ লাইন নির্মাণের খবর পাওয়ার পরও আইনি সহায়তা চেয়ে পুলিশের কাছে কোনো আবেদন করে না। এ কারণে কোনো সহায়তা করা সম্ভব হয় না। পলাশবাড়ী এলাকায় অবৈধ লাইন নির্মাণের বিষয়ে তিতাসের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার কথা অস্বীকার করেন ওসি।