উজানে বাঁধ, বিপাকে কৃষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার চিলাই নদের উজানে আড়াআড়ি বাঁধ দেওয়া হয়েছে। এতে ভাটি এলাকার সাড়ে চার হাজার একর জমি অনাবাদি থাকার আশঙ্কা করা হচ্ছে। বাঁধ দেওয়া নিয়ে ভাটি ও উজান এলাকার বাসিন্দাদের মধ্যে দ্বন্দ্ব বাড়ছে।
১২ জন স্থানীয় বাসিন্দা বলেন, উপজেলার বোগলা ইউনিয়নের উত্তর বালিছড়া গ্রামের পাশে চিলাই নদে প্রতিবছর শুকনো মৌসুমে তাঁরা একটি বাঁধ দেন। এই বাঁধ দিয়ে পানি আটকে প্রায় ৫০ বছর ধরে দুটি ইউনিয়নের কৃষকেরা বোরো ধানের আবাদ করছেন। কিন্তু নদের উজানে ক্যাম্পের ঘাট গ্রামের পাশে ওই এলাকার কিছু লোক আরেকটি বাঁধ দেওয়ায় ভাটির কৃষকেরা বিপাকে পড়েছেন। সেচ-সংকটের কারণে বোরো চাষের সাড়ে চার হাজার একর জমি অনাবাদি থাকার আশঙ্কা দেখা দিয়েছে।
চিলাই নদ উত্তর বালিছড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি বালিছড়া গ্রামের হাফিজ উদ্দিন (৬৫) বলেন, প্রায় ৫০ বছর ধরে এখানে বাঁধ দিয়ে পানি সেচে জমি আবাদ করছেন তাঁরা। বাঁধ না দিলে পানি-সংকটের কারণে এলাকার জমি অনাবাদি থেকে যায়। গত বছর নদের উজানে আরেকটি বাঁধ দেওয়ায় ভাটির কৃষকেরা পানির অভাবে জমি আবাদ করতে পারেননি। এবারও উজানে একইভাবে বাঁধ দেওয়া হয়েছে। যে কারণে ভাটি এলাকায় পানির সংকট দেখা দিয়েছে।
উজানে বাঁধ দেওয়ায় ভাটির কৃষকদের ক্ষতির বিষয়টি জানিয়ে স্থানীয় প্রশাসন, কৃষি বিভাগ ও প্রধানমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ দিয়েছেন চিলাই নদ উত্তর বালিছড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সাধারণ সম্পাদক শিব্বির আকন্দ। অভিযোগে তিনি বলেন, চিলাই নদের বালিছড়া এলাকায় জাপানি উন্নয়ন সংস্থা জাইকার অর্থায়নে একটি রাবার ড্যাম নির্মাণের পরিকল্পনা রয়েছে। উজানের লোকজন চাইছেন, এটি তাঁদের এলাকায় নির্মাণ করা হোক। কিন্তু কর্তৃপক্ষ সীমান্তের কাছাকাছি সেটি নির্মাণ করতে চাইছে না। এ কারণে তাঁরা উজানে বাঁধ দিয়ে ভাটির মানুষের ক্ষতি করতে চাইছেন।
গত বছরের ২ ডিসেম্বর এই অভিযোগের তদন্ত করেন দোয়ারাবাজার উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ হারুন অর রশিদ। তদন্ত প্রতিবেদনে তিনি উল্লেখ করেছেন, উজানে দেওয়া বাঁধের কারণে ওই এলাকার সর্বোচ্চ ৪০০ একর জমিতে ধানের আবাদ করা সম্ভব। কিন্তু এই বাঁধ নির্মাণের উদ্দেশ্য জমি আবাদ নয়। সেখানকার লোকজন ভাবছেন, উজানে বাঁধ দিলে রাবার ড্যামটি তাঁদের এলাকায় নির্মাণ করা হতে পারে। এতে বোগলা ইউনিয়নের সঙ্গে বাংলাবাজার ইউনিয়নের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হবে।
কৃষি কর্মকর্তা তাঁর প্রতিবেদনে আরও উল্লেখ করেন, উজানে বাঁধ দেওয়ায় ভাটিতে পানি কম আসছে। পানি-সংকটের কারণে এলাকার প্রায় সাড়ে চার হাজার একর বোরো জমি সম্পূর্ণ অনাবাদি থেকে যাবে। এতে প্রায় ১০ হাজার মেট্রিক টন ধানের উৎপাদন কম হবে, যার মূল্য প্রায় ১৮ কোটি টাকা। একই সঙ্গে এলাকার ছোট-বড় প্রায় ২০০ পুকুরে মাছের চাষ ব্যাহত হবে।
চিলাইপার গ্রামের কৃষক ছফর উদ্দিন, বালিছড়া গ্রামের মানিক মিয়া ও আজিজুল ইসলাম বলেন, উজানের বাঁধ কেটে দেওয়ার জন্য বারবার দাবি জানালেও কোনো ফল হয়নি। বিষয়টি সবাই জানেন, কিন্তু কোনো সমাধান হচ্ছে না।
ক্যাম্পের ঘাট এলাকায় গিয়ে দেখা যায়, সেখানে মাটি দিয়ে আরেকটি বাঁধ দেওয়া হয়েছে। বাঁধে দাঁড়িয়ে কথা হয় পাশের আলমখালী গ্রামের বাসিন্দা হাবিব উল্লাহর (৭৫) সঙ্গে। তিনি নিজেকে এই বাঁধ নির্মাণ কমিটির সভাপতি বলে দাবি করে বলেন, এলাকার প্রায় ২০০ একর জমি চাষাবাদের জন্য গত বছর থেকে এই বাঁধ দেওয়া হচ্ছে। এতে ভাটির মানুষের কোনো ক্ষতি হচ্ছে না।
আলমখালী গ্রামের কলেজছাত্র ফাহাদ হোসেন বলেন, এখন দুই বাঁধ নিয়ে ঝামেলা শুরু হয়েছে। যেকোনো সময় এলাকায় মারামারি হতে পারে। এর একটা সুষ্ঠু সমাধান দরকার।
বোগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমদ আলী বলেন, ‘দুই বাঁধের কারণে দুই এলাকার লোকজনই ক্ষতিগ্রস্ত হবেন। বিষয়টি স্থানীয় সাংসদও অবগত আছেন। আমরা এর সুষ্ঠু সমাধান করতে ব্যর্থ হয়েছি। এখন কী করব, বুঝতে পারছি না।’
দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম বলেন, এই সমস্যা সমাধানের জন্য গত বছর উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু তা সফল হয়নি। এখন এটি রাজনৈতিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় সাংসদ, প্রশাসন, উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ সবাইকে নিয়ে বসে একটা স্থায়ী সমাধান করতে হবে। শিগগিরই একটি উদ্যোগ নেওয়া হবে।