উজিরপুরে প্রতিপক্ষের হামলায় বীর মুক্তিযোদ্ধা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালের উজিরপুর উপজেলার আটিপাড়া গ্রামে প্রতিপক্ষের হামলায় নিহত বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন তালুকদার
ছবি: সংগৃহীত

জমি নিয়ে বিরোধের জেরে বরিশালের উজিরপুর উপজেলায় প্রতিপক্ষের হামলায় এক বীর মুক্তিযোদ্ধা নিহত ও তাঁর পরিবারের চার সদস্য আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আটিপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত বীর মুক্তিযোদ্ধার নাম মো. দেলোয়ার হোসেন তালুকদার (৭২)। তিনি উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের আটিপাড়া গ্রামের বাসিন্দা। এ ছাড়া সংঘর্ষে ওই বীর মুক্তিযোদ্ধার তিন ছেলে বিপ্লব তালুকদার (৪০), সোহাগ তালুকদার (৩৭), জুয়েল তালুকদার (৩৫) ও পুত্রবধূ রোজিনা বেগম (২৫) আহত হয়েছেন। তাঁদের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেলোয়ার হোসেনের লাশ ওই হাসপাতালের মর্গে ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করবে পুলিশ।

উজিরপুর থানার পুলিশ ও আটিপাড়া গ্রামের কয়েক বাসিন্দা বলেন, জমি নিয়ে বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেনের সঙ্গে প্রতিবেশী নুরুল ইসলাম (৪৫) ও মো. জলিল সেপাইয়ের (৫৫) দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে নুরুল ইসলাম ও জলিল সেপাইয়ের নেতৃত্বে ১০-১২ জন ওই বিরোধপূর্ণ জমি দখলে নিতে আসেন। এ সময় দেলোয়ার হোসেন তাঁর পরিবারের সদস্যদের নিয়ে ওই জমি দখলে বাধা দেন। এ সময় প্রতিপক্ষের হামলায় দেলোয়ার হোসেনসহ তাঁর পরিবারের পাঁচজন আহত হয়েছেন।

ওই সংঘর্ষে গুরুতর আহত বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন তালুকদার এবং তাঁর ছেলে বিপ্লব তালুকদার, সোহাগ তালুকদার, জুয়েল তালুকদার ও পুত্রবধূ রোজিনা বেগমকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথে দুপুর সোয়া ১২টার দিকে দেলোয়ার হোসেন মারা যান।

মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন তালুকদারের বড় ছেলে বিপ্লব তালুকদার অভিযোগ করে বলেন, ‘আমার বাবা দেলোয়ার হোসেনের পৈতৃক জমি ৫০ বছর ধরে আমরা ভোগ করে আসছি। সম্প্রতি প্রতিবেশী নুরুল ইসলাম, জলিল সেপাই ও সজীব সেপাই ওই জমির মালিকানা দাবি করে তা দখল করার পাঁয়তারা করছিল। আজ বেলা সাড়ে ১১টার দিকে নুরুল ইসলাম, জলিল সেপাই ও সজীবের নেতৃত্বে ২০-২৫ জন ওই জমি দখলে নিতে আসেন। এ সময় তাঁর বাবা দেলোয়ার হোসেন তালুকদার বাধা দিতে গেলে তাঁরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন। খবর পেয়ে আমি আমার ছোট ভাই সোহাগ, জুয়েল তালুকদার ও আমার স্ত্রী রোজিনা বেগম বাবাকে রক্ষায় এগিয়ে গেলে আমাদের হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও টেঁটাবিদ্ধ করে রক্তাক্ত জখম করা হয়েছে।’

তবে বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন ও তাঁর পরিবারের ওপর হামলা চালানোর অভিযোগ অস্বীকার করে নুরুল ইসলাম বলেন, ‘আমাদের বৈধ সম্পত্তিতে আমরা কাজ করতে গেলে দেলোয়ার হোসেন ছেলেদের নিয়ে হামলা চালান। এতে আমাদের দুজন আহত হয়েছেন।’ তবে আহত দুজনের নাম জানতে চাইলে নুরুল ইসলাম বলতে পারেননি।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলী আর্শেদ বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেনের ওপর হামলা চালানোর ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।