উজিরপুরে প্রতিপক্ষের হামলায় বীর মুক্তিযোদ্ধার পর ছেলেরও মৃত্যু
বরিশালের উজিরপুরে প্রতিপক্ষের হামলায় একজন বীর মুক্তিযোদ্ধা নিহতের পর চিকিৎসাধীন অবস্থায় তাঁর ছেলেরও মৃত্যু হয়েছে। হামলায় আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১০ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে আজ শনিবার দুপুরে মারা যান নিহত বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন তালুকদারের বড় ছেলে বিপ্লব তালুকদার (৪০)।
দেলোয়ার হোসেনের বাড়ি উপজেলার বামরাইল ইউনিয়নের আটিপাড়া গ্রামে। বিপ্লব তালুকদারের মৃত্যুর সংবাদ এলাকায় পৌঁছালে বিক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও স্বজনেরা। তাঁরা শনিবার বেলা আড়াইটায় স্থানীয় আটিপাড়া বাজারে বিক্ষোভ মিছিল করেছেন।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ও পুনর্বাসন সোসাইটির কেন্দ্রীয় মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান সরদার হত্যাকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, একাত্তরের পরাজিত শক্তি বিএনপি-জামায়াতের এজেন্টরা বীর মুক্তিযোদ্ধার একটি পরিবারকে নিশ্চিহ্ন করতে নৃশংসভাবে কুপিয়েছে। হত্যাকারীদের গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানিয়ে তিনি বলেন, অনতিবিলম্বে প্রধান আসামিদের গ্রেপ্তার না করা হলে লাগাতার দুর্বার আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, জমি নিয়ে উপজেলার বামরাইল ইউনিয়নের আটিপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও ইউনিয়ন আওয়ামী লীগের মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক মো. দেলোয়ার হোসেন তালুকদারের (৭২) সঙ্গে একই গ্রামের নুরুল ইসলাম (৪৫), মো. জলিল সেপাইয়ের (৫৫) বিরোধ চলে আসছিল। ২৯ জুলাই সকালে নুরুল ও জলিলের নেতৃত্বে ২৫–৩০ জন সন্ত্রাসী দেলোয়ার হোসেন তালুকদার, তাঁর ছেলে বিপ্লব তালুকদার (৪০), মেজ ছেলে সোহাগ তালুকদার (৩৭), ছোট ছেলে জুয়েল তালুকদার (৩৫) ও বড় পুত্রবধূ রোজিনা বেগমকে (২৮) ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে মারাত্মকভাবে জখম করেন। আহত ব্যক্তিদের বরিশালের শের–ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দেলোয়ার হোসেন মারা যান।
এ ঘটনায় জুয়েল তালুকদার বাদী হয়ে গত ৩১ জুলাই ৩২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ১২ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।
দেলোয়ার হোসেনের মেয়ে বরিশাল বিএম কলেজের অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী স্বর্ণা আক্তার ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সন্ত্রাসীরা প্রকাশ্যে বীর মুক্তিযোদ্ধা ও তাঁর পরিবারের পাঁচ সদস্যকে হত্যার উদ্দেশ্যে কুপিয়েছে। আমার বাবা ও বড় ভাই নিহত হয়েছেন। বাকি দুই ভাই ও ভাবি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, অথচ প্রশাসন নির্বিকার। আমি প্রধানমন্ত্রীর কাছে আমার বাবা ও ভাইয়ের হত্যাকারীদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’
উজিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ও সাবেক সাংসদ আ. ওয়াদুত সরদার বলেন, একটি বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ পরিবারকে চিরতরে ধ্বংস করতে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আর্শেদ বলেন, ইতিমধ্যে এজাহারভুক্ত পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রধান আসামিদের গ্রেপ্তারে আধুনিক তথ্য-প্রযুক্তি ব্যবহার করে মাঠপর্যায়ে একাধিক টিম কাজ করছে। শিগগির ঘটনার মূল হোতা ও প্রধান অসামিদের গ্রেপ্তার করা হবে।