উজিরপুরে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার
বরিশালের উজিরপুর উপজেলায় চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে (১০) ধর্ষণচেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই যুবকের নাম রবিন সরদার (২৪)। আজ মঙ্গলবার সকালে ওই ছাত্রীর মা বাদী হয়ে উজিরপুর মডেল থানায় ধর্ষণচেষ্টার মামলা করলে দুপুর ১২টায় অভিযুক্ত রবিনকে গ্রেপ্তার করা হয়।
মামলার বাদী ওই শিশুর মা এজাহারে উল্লেখ করেন, রবিন প্রায় ছয় মাস ধরে তাঁর মেয়েকে উত্ত্যক্ত করে ও কুপ্রস্তাব দিয়ে যৌন হয়রানি করে আসছিলেন। এতে তাঁর মেয়ে রাজি না হওয়ায় তাকে একাধিকবার ধর্ষণের হুমকি দেওয়া হয়। পরে তাঁর মেয়েকে দুই দফায় ধর্ষণের চেষ্টা চালান রবিন।
ওই শিশুর মা বলেন, ৭ আগস্ট তাঁরা কেউ বাড়িতে না থাকায় বেলায় ১১টার দিকে রবিন ঘরে ঢুকে তাঁর মেয়েকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় ওই শিশুর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে রবিন পালিয়ে যান। এর দুই দিন পর ৯ আগস্ট সকাল ১০টার দিকে রবিন একইভাবে বাড়িতে ঢুকে আবার ধর্ষণের চেষ্টা করেন। কিন্তু ওই দিনও ওই শিশুর চিৎকারে প্রতিবেশীরা চলে আসায় রবিন সরদার পালিয়ে যান।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আর্শাদ বলেন, ধর্ষণচেষ্টার ঘটনায় ওই শিশুর মা বাদী হয়ে রবিন সরদারকে আসামি করে আজ সকালে একটি মামলা করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে রবিনকে তাঁর আত্মীয়ের বাড়ি থেকে গ্রেপ্তার করে।