উঠানে খেলতে খেলতে ডোবায় পড়ে দুই চাচাতো বোনের মৃত্যু
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের শ্যামনগর গ্রামে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা দুজন সম্পর্কে চাচাতো বোন। আজ বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া দুই শিশু হলো শ্যামনগর গ্রামের মাছুম মিয়ার মেয়ে নাছিমা (০৬) ও মারুফ মিয়ার মেয়ে ফারহানা (৫)। শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুক্তাদীর হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, আজ দুপুরে বাড়ির উঠানে খেলছিল ফারহানা ও নাছিমা। একপর্যায়ে এই দুই শিশু উঠানের পাশে থাকা ডোবার পানিতে পড়ে তলিয়ে যায়। তাৎক্ষণিক পরিবারের লোকজন খোঁজাখুঁজির একপর্যায়ে দুই বোনকে ডোবা থেকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
শ্যামনগর গ্রামের বাসিন্দা স্থানীয় ইউপি সদস্য মো. ইকবাল হোসেন বলেন, উঠানের পাশে ডোবার পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।