উঠানে জোর করে রাস্তা নির্মাণের অভিযোগ

সরকারি প্রকল্পের টাকায় বাড়ির উঠানে তৈরি করা হয়েছে ইট বিছানো রাস্তা। ঝিনাইদহ সদর উপজেলার ফুরসন্ধী ইউনিয়নের ঝিথড় গ্রামে।ছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি প্রকল্পের টাকায় বাড়ির উঠানের ভেতর দিয়ে জোর করে ইট বিছানো রাস্তা নির্মাণ করার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিব তাঁর বাড়িতে যাতায়াতের সুবিধার জন্য প্রভাব খাটিয়ে ওই রাস্তা তৈরি করেছেন। এই ঘটনা ঝিনাইদহ সদর উপজেলার ফুরসন্ধী ইউনিয়নের ঝিথড় গ্রামের।

ঝিনাইদহ শহর থেকে নারিকেলবাড়িয়া হয়ে একটি সড়ক টিকারী বাজারে মিশেছে, যার উত্তরে ঝিথড় গ্রাম। গ্রামে একটি রাসমন্দির রয়েছে, যেটি ঘিরে বেশ কয়েকটি দোকান গড়ে উঠেছে। এই মন্দির পর্যন্ত পাকা রাস্তা রয়েছে। মন্দিরের পূর্ব-উত্তরে বেশ কিছু পরিবার বসবাস করে। এসব পরিবারের সদস্যরা দীর্ঘদিন ব্যক্তিগত জমির ওপর দিয়ে চলাচল করেন। মূলত ওই পাড়ার রাজকুমার মণ্ডল ও মনোতোষ মণ্ডলের বাড়ির উঠান দিয়ে চলাচল ছিল তাঁদের। সেখানে সরকারি প্রকল্পে ইট বিছানো রাস্তা নির্মাণ করা হয়েছে। তাঁদের বাড়ির পেছনে পাঁচটি পরিবার রয়েছে, যার মধ্যে ঘোরশাল ইউপির সচিব প্রতাপ বিশ্বাসের বাড়ি রয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় থেকে রাস্তাটি নির্মাণ করা হয়েছে। ২০২০-২১ অর্থবছরে এই কাজের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ৩ লাখ ১০ হাজার ৭৯৫ টাকা। ফুরসন্ধী ইউপির সদস্য সুবর্ণা রানী এই কাজের প্রকল্প সভাপতি। কাজটি চলমান।

রাজকুমার মণ্ডল বলেন, তাঁদের বাড়ির পেছনে প্রতাপ বিশ্বাসের বাড়ি। তিনি অল্প দিন আগে ইউপি সচিব হয়েছেন। তিনিই বাড়ির উঠান দিয়ে রাস্তা নির্মাণ করেছেন। জমির এক পাশ দিয়ে রাস্তা করার কথা বলেছিলেন। কিন্তু তিনি (প্রতাপ) জানিয়েছিলেন, রাস্তা সোজা পাস হয়ে গেছে, বাঁকা করা যাবে না।

রাজকুমারের ভাই রুমানাথ মণ্ডল বলেন, তিনি দুই ভাইয়ের বাড়ির পেছনে বসবাস করেন। তাঁর বাড়ির পাশে প্রতাপদের বাড়ি। প্রায় দুই মাস আগে হঠাৎ একদিন তাঁদের বাড়ির ভেতর দিয়ে রাস্তা নির্মাণের জন্য মাপজোখ শুরু হয়। তাঁরা বাধা দেন এবং জমির এক পাশ দিয়ে রাস্তা করার প্রস্তাব দেন। কিন্তু তাঁদের কথা শোনা হয়নি। বরং আপত্তি দেওয়ায় তাঁকে মারধর করা হয়।

এসব অভিযোগ অস্বীকার করে প্রতাপ বিশ্বাস বলেন, এই রাস্তা দিয়ে তাঁরা প্রায় ৪০ বছর চলাচল করেন। তারপরও সবার সঙ্গে আলোচনা করে এটি করা হয়েছে। জোর করে রাস্তা নির্মাণ করা হয়নি। যাঁরা একসময় ভালো মনে রাস্তা দিয়েছেন, তাঁরাই এখন একটি মহলের ষড়যন্ত্রে নানা অভিযোগ তুলছেন। তিনি গ্রামে থাকেন না। মাঝেমধ্যে বাড়িতে যান। যাঁরা সেখানে থাকেন, তাঁদের জন্যই রাস্তাটি পাকা করা হয়েছে। প্রশাসনের কর্মকর্তারা সেখানে গিয়ে রাস্তা করার অনুমতি দিয়েছেন।

সদর উপজেলার পিআইও নিউটন বাইন বলেন, যাঁদের বাড়ির ওপর দিয়ে রাস্তা গেছে, তাঁরা প্রথমে আপত্তি করেছিলেন। পরে ইউনিয়ন পরিষদ পক্ষ থেকে কথা বলার পর তাঁরা রাস্তাটি করেছন।