উত্তরবঙ্গে ঈদযাত্রায় উদ্বেগের কারণ মহাসড়কে তিন চাকার যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদ উপলক্ষে উত্তরবঙ্গের মানুষজন বাড়িতে ফিরতে শুরু করেছে। বগুড়া-সিরাজগঞ্জ মহাসড়কে যানবাহনের চাপ বাড়ছে। দূর পাল্লার বাসগুলোর ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে স্থানীয় পর্যায়ের তিন চাকার গাড়ি
ছবি: প্রথম আলো

আর কদিন পরই ঈদুল ফিতর। উত্তরবঙ্গের মানুষজন বাড়িতে ফিরতে শুরু করেছে। বগুড়া-সিরাজগঞ্জ মহাসড়কে যানবাহনের চাপ বাড়ছে। তবে সড়ক এখনো অনেকটাই ফাঁকা। বেশি চলাচল করছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা, ভ্যানসহ বিভিন্ন ধরনের তিন চাকার যানবাহন। পুরোদমে ঈদযাত্রার সময় স্থানীয় পর্যায়ের এসব গাড়ি যাতে ভোগান্তির কারণ না হয়, সে জন্য উদ্যোগ নিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি আহ্বান জানিয়েছেন বাসচালকেরা।

সরেজমিনে আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সিরাজগঞ্জের সয়দাবাদ ও নলকা এলাকায় দেখা যায়, মহাসড়কটি অনেকটাই ফাঁকা। তবে তিন চাকার যানবাহন বেশি চলাচল করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েক সদস্য ও স্থানীয় লোকজন বলছেন, ঈদুল ফিতরকে কেন্দ্র করে বগুড়া-সিরাজগঞ্জ মহাসড়কে ঘরমুখী মানুষের চাপ বাড়তে শুরু করেছে। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে এ চাপ আরও বেড়ে যাবে। তখন বঙ্গবন্ধু সেতু সংযোগ মহাসড়কে দীর্ঘ যানজট ও যাত্রীদের ভোগান্তি হতে পারে।

আরও পড়ুন

বাসচালকেরা বলছেন, রাস্তায় চাপ বাড়লেও স্বাভাবিক সময়ের মতোই যাতায়াত করা যাচ্ছে। তবে ভোগাচ্ছে স্থানীয় পর্যায়ের তিন চাকার যানবাহন। ঢাকা থেকে রংপুরগামী ট্রাকচালক মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, মহাসড়ক থেকে জরুরি ভিত্তিতে তিন চাকার যানবাহন চলাচল বন্ধ করতে হবে। অন্যথায় দুয়েক দিনের মধ্যেই যখন বেশিসংখ্যক মানুষ ঘরমুখী হতে থাকবে, তখন অতিরিক্ত যানবাহনের চাপে চরম যানজট সৃষ্টি হবে।

ঈদযাত্রার সময়টায় মহাসড়কে তিন চাকার গাড়ি চলাচল বন্ধে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানালেন সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান। তিনি বলেন, আজ থেকে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে কাজ শুরু হচ্ছে। মহাসড়কে তিন চাকার কোনো যানবাহন চলতে দেওয়া হবে না।

উত্তরবঙ্গের মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সোমবার বিকেলে নবনির্মিত নলকা সেতুর একটি লেন চালু করা হয়েছে। সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী দিদারুল আলম তরফদার বলেন, এবারের ঈদযাত্রায় মহাসড়কে তিন থেকে চার গুণ যানবাহন বেড়ে যাওয়ার আশঙ্কা আছে। এ জন্য দ্রুততার সঙ্গে নলকা সেতুর একটি লেন খুলে দেওয়া হয়েছে। পাশাপাশি পুরোনো নলকা সেতুটিও সচল রাখা হয়েছে।

সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার হাসিবুল আলম বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ও মহাসড়ক যানজটমুক্ত রাখতে ৩১টি ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করা হয়েছে। এসব ঝুঁকিপূর্ণ স্থানে পুলিশ ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করবে। জেলা পুলিশের পক্ষ থেকে ২৭ রমজান থেকে ৪৫০ পুলিশ সদস্য মহাসড়কে কাজ করবেন।