উত্তরবঙ্গে দুয়ারে কড়া নাড়ছে শীত
ধানের শিষে বিন্দু বিন্দু শিশির। ভোরের দিকে ঠান্ডা হাওয়া। কুয়াশামাখা চারপাশ। ভোরের সূর্য ওঠার পর কুয়াশার আবহ আর ভেজা সবুজ ঘাস জানান দিচ্ছে, দেশের উত্তর প্রান্ত রংপুরে শীত দুয়ারে কড়া নাড়ছে।
কয়েক দিন ধরে রংপুরে ভোরের সূর্য উঁকি দেওয়ার সঙ্গে সঙ্গে শীত শীত ভাব একটু কমতে শুরু করে। কার্তিক মাসের মাঝামাঝি সময়ে আগাম শীতের পদধ্বনি। বিকেল থেকেই ঠান্ডা হাওয়া। সন্ধ্যার পর রিকশা কিংবা মোটরসাইকেলে ঘুরতে বের হলে শীত অনুভূত হচ্ছে। অথচ সপ্তাহখানেক আগেও গরমের দাপটে মানুষ বেশ নাজেহাল ছিল।
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও লেখক আশান উজ জামান। এ অঞ্চলে শীতের আগাম বার্তা প্রসঙ্গে তিনি বলেন, এমনিতেই এ অঞ্চল হিমালয়ের কাছাকাছি; শীতও আগাম আসে। আর বিদায়ও নেয় সবার শেষে।
আজ শনিবার সকালে দেখা গেল, শিশুদের শীতের কাপড়ে জড়িয়ে বাবা-মায়েরা কোলে নিয়ে রোদ পোহাচ্ছেন। কাজের সন্ধানে সাইকেলে ছুটে চলা গ্রামীণ জনপদের মানুষ শীতের কাপড় গায়ে জড়িয়েছেন। শীত মানেই পিঠাপুলির আয়োজন। ইতিমধ্যে বিভিন্ন এলাকায় ভাপা ও চিতই পিঠা বিক্রি শুরু হয়েছে।
উত্তরবঙ্গের শীতের বিষয়ে বাংলা সাহিত্যের সাবেক শিক্ষক মোহাম্মদ শাহ আলম বলেন, শীত এবার মনে হয় একটু আগেই এল। একেবারে দুয়ারে কড়া নাড়ছে অবস্থায় আছে। কিছুদিনের মধ্যেই শীতকে ঘিরে বাঙালির উৎসব শুরু হয়ে যাবে। আর শীত কিছুটা আগে চলে আসার কারণ হিসেবে জলবায়ু পরিবর্তনের কথা বললেন প্রবীণ রবীন্দ্রসংগীতশিল্পী মিলন ভট্টাচার্য।
রংপুর আবহাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, কুয়াশা দেখা যাচ্ছে। উত্তরে হিমেল বাতাসের আবহ আছে। শীতের তীব্রতা কম বা বেশি হওয়ার বিষয়টি আরও মাসখানেক পর বোঝা যাবে।