উত্তরাঞ্চলের পরিবহন ধর্মঘট স্থগিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রমিকদের নিরাপত্তার দাবিতে ডাকা উত্তরাঞ্চলের পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে। রাজশাহী বিভাগে আগামীকাল সোমবার সকাল ছয়টা থেকে অনির্দিষ্টকালের জন্য এই ধর্মঘট ডাকা হয়েছিল। আজ রোববার তা স্থগিত করেছে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।
শ্রমিক ফেডারেশনের রাজশাহী বিভাগের সাধারণ সম্পাদক ও জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি কামাল হোসেন বলেন, কাল বিকেল তিনটায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান তাঁর দপ্তরে শ্রমিক নেতাদের সঙ্গে মতবিনিময় সভা ডেকেছেন। তাই বৈঠক পর্যন্ত ধর্মঘট স্থগিত করা হয়েছে। ওই বৈঠকের পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
গত শনিবার বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ ধর্মঘটের ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের রাজশাহী বিভাগের সভাপতি আব্দুল লতিফ মোল্লা।