উত্তরের জনপদে মাঝারি শৈত্যপ্রবাহ
হিমেল হাওয়া, ঘন কুয়াশা ও তীব্র শীতে কাবু উত্তরের জনপদ। উত্তরের দুই জেলা কুড়িগ্রামের রাজারহাট ও পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আজ শনিবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ ডিগ্রি সেলসিয়াস। আজ এটিই দেশের সর্বনিম্ন তাপমাত্রা।
আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, গোপালগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ফেনী, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, বরিশাল জেলাসহ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
কুড়িগ্রাম: জেলায় আজ সকাল থেকেই ঘন কুয়াশায় ঢেকে আছে চারপাশ। সকালে সূর্য উঁকি দিলেও কনকনে শীত আর বাতাসে উত্তরের এ জনপদে দুর্ভোগ বেড়েছে। তীব্র ঠান্ডায় কাজে বের হতে পারছেন না শ্রমজীবী মানুষ। বয়স্ক আর শিশুদের দুর্ভোগ আরও বেশি। শীতজনিত রোগও বাড়ছে এ জেলায়। নদ-নদীর তীরবর্তী ও চরাঞ্চলের দরিদ্র মানুষ মোটা–গরম কাপড়ের অভাবে কষ্ট পাচ্ছেন। সড়কে ঘন কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে চলতে হচ্ছে যানবাহনগুলোকে।
কুড়িগ্রাম রেলওয়ের স্টেশনমাস্টার জানান, কুয়াশার মধ্যে হেডলাইট জ্বালিয়ে আসতে হয়েছে সব ট্রেনকে। যাওয়ার সময়ও জ্বালিয়ে গেছে। আজ সকাল নয়টায় কুড়িগ্রামের রাজারহাটে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ ডিগ্রি সেলসিয়াস।
কুড়িগ্রাম সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা পুলক জানান, কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে প্রতিদিন ৪০ থেকে ৫০ জন রোগী ভর্তি হচ্ছে। রোগীদের মধ্যে অধিকাংশই শিশু ও বৃদ্ধ। ঠান্ডায় রোগীর সংখ্যা বাড়ছে বলে জানান তিনি
কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া ও কৃষি পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিছুর রহমান বলেন, মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ আরও কয়েক দিন থাকতে পারে।
পঞ্চগড়: সর্বোত্তরের জেলার পঞ্চগড়ে দুদিন ধরে বয়ে যাচ্ছে মাঝারি শৈত্যপ্রবাহ। এতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। রাতভর ঝিরঝিরে হিমেল বাতাস আর বৃষ্টির মতো ঝরতে থাকা কুয়াশায় হাড়কাঁপানো শীত অনুভূত হলেও আজ সকালে ঝলমলে রোদের দেখা মেলায় কিছুটা স্বস্তি ফিরেছে জনজীবনে।
আজ সকাল নয়টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ ডিগ্রি সেলসিয়াস। এর আগে গতকাল শুক্রবার সকাল নয়টায় এ উপজেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
চলতি শীত মৌসুমে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেলেও গতকাল থেকে প্রথমবারের মতো উত্তরের এ জনপদে বয়ে যাচ্ছে মাঝারি শৈত্যপ্রবাহ। এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে বাড়তে থাকে উত্তরের হিমশীতল বাতাস। রাত গভীর হওয়ার সঙ্গে বাড়তে থাকে কুয়াশার পরিমাণ। তবে আজ সকাল নয়টার পর পঞ্চগড়ে উঁকি দেয় সূর্য। বেলা বাড়ার সঙ্গে রোদের তীব্রতা কিছুটা বাড়তে থাকায় স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মধ্যে।
আজ সকাল সাড়ে আটটার দিকে পিকআপচালক সায়দার রহমান বলেন, ‘কুয়াশার কারণে ভয়ের মধ্যে গাড়ি চালাতে হচ্ছে। ১০ হাত দূরেও ভালো করে দেখা যায় না। এ জন্য হেডলাইট জ্বালিয়ে দিয়েছি। ঠান্ডা বাতাসে নাক-চোখ দিয়ে পানি বের হচ্ছে।’
সকাল সাড়ে ১০টার দিকে জেলা শহরের ভ্যানচালক খয়রুল ইসলাম বলেন, সকালে যে পরিমাণ কুয়াশা ছিল, মনে হচ্ছিল সারা দিন ঠান্ডায় থাকা যাবে না। কিন্তু এখন রোদ উঠেছে, এ জন্য ঠান্ডা কিছুটা কম লাগছে। এভাবে সারা দিন রোদ থাকলে হয়তো দিনটা মোটামুটি ভালোই যাবে। ভালো আয়ও হবে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ্ প্রথম আলোকে বলেন, তেঁতুলিয়ায় বর্তমানে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে গেলেও আজ সকাল নয়টার পর ঝলমলে রোদের দেখা মেলায় মানুষের মধ্যে কিছুটা স্বস্তি মিলেছে। বাতাসও নেই বললেই চলে। এতে দিনের বেলা উষ্ণতা কিছুটা বৃদ্ধি পাবে। রাতভর উত্তরের ভারী শীতল বাতাস আর ঘন কুয়াশায় তীব্র শীত অনুভূত হয়েছে। তেঁতুলিয়ায় এই মাঝারি ও মৃদু শৈত্যপ্রবাহ আরও তিন দিন অব্যাহত থাকতে পারে।
রংপুর: রংপুরে আজ সকাল ছয়টায় সর্বনিম্ন¤তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সকালে এ তাপমাত্রা ছিল ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আজ সকালে রংপুরে রোদের দেখা মিললেও উত্তরের হিমালয়ের তীব্র ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে। আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে, আরও কয়েক দিন এমন আবহাওয়া থাকতে পারে।
আজ সরকারি ছুটির দিন হওয়ায় শহরের রাস্তাগুলো তুলনামূলকভাবে কিছুটা ফাঁকা। আজ সকালে প্রয়োজন ছাড়া মানুষ বাড়ির বাইরেও তেমন একটা বের হননি। গতকাল বিকেল থেকে রাত পর্যন্ত শহর ছিল অনেকটাই ফাঁকা।
এদিকে বোরো চাষাবাদের জন্য ধানের চারা রোপণ করতে কর্মজীবী মানুষ খেতের পাশে খড়কুটো জ্বালিয়ে আগুন পোহানোর পর পানিতে নেমে কাজ করছেন। গ্রাম ও শহরে মানুষকে রাস্তা ও বাড়ির সামনে খোলা জায়গায় রোদ পোহাতে দেখা যায়।
আজ সকাল থেকে দুপুর পর্যন্ত নগরের বেতারপাড়া, সরদারপাড়া, চব্বিশহাজারী, উত্তম, হাজিরহাটসহ কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে, তীব্র ঠান্ডার মধ্যেই পানিতে নেমে বোরো ধানের চারা রোপণ করছেন কৃষকেরা। বেতারপাড়া এলাকার কৃষিশ্রমিক শফিকুল ইসলাম বলেন, ‘এই ঠান্ডাত প্রথম পানিত নামতে শরীরটা ছ্যানছ্যান করবে। তাই আগুন তাপেয়া শরীর গরম করি কামোত নামা লাগবে।’ নগরের বুড়িরহাট সড়কে দেখা গেছে, কাজের সন্ধানে জবুথবু হয়ে সাইকেলে করে ছুটছেন লোজজন।
শীতের কারণে শহরের বিপণিবিতানগুলোয় ক্রেতাদের উপস্থিতিও অনেকটা কমে গেছে। জেলা পরিষদ সুপার মার্কেটের ব্যবসায়ী মকসুদার রহমান বলেন, ‘যে ঠান্ডা বাতাস, মানুষ ঘর থেকেই বের হতে চাইছে না! সেখানে বাজারে মানুষ কম আসবে; তাই দোকান খুলে বসে থাকা ছাড়া আমাদের আর কোনো কাজ নেই।’
এদিকে মহাসড়কের হাজিরহাট ও সিওবাজারে দেখা যায়, দূরপাল্লার বাস-ট্রাক হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। তবে গাড়ির গতি খুবই কম।