উত্তর-দক্ষিণে দুর্ভোগ, পূর্বে কিছুটা স্বস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, ফেনী, চট্টগ্রামসহ পূর্বাঞ্চলের বিভিন্ন জেলার উদ্দেশে গতকাল বৃহস্পতিবার যাঁরা রাজধানী ঢাকা ছেড়ে যান তাঁদের যাত্রা ছিল তুলনামূলক স্বস্তির। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গতকাল বৃহস্পতিবার ভোরে কিছুটা যানজট থাকলেও পরে ওই পথে আর তেমন যানজট দেখা যায়নি।
তবে ভোগান্তি পোহাতে হয়েছে উত্তর ও দক্ষিণবঙ্গের উদ্দেশে রাজধানী ছেড়ে যাওয়া যাত্রীদের। বিশেষ করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের অন্তত পাঁচটি পয়েন্টে ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকা পড়ে নাকাল হতে হয়েছে ঘরে ফেরা মানুষকে। এ ছাড়া বুধবার রাতে দুটি পৃথক দুর্ঘটনা এই মহাসড়কের যানজট পরিস্থিতিকে দিনভর অসহনীয় করে তোলে।
দুর্ভোগ ছিল রাজবাড়ীর দৌলতদিয়া ফেরি ঘাটেও। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা বাস ও গরুবাহী ট্রাককে ফেরিতে ওঠার জন্য অপেক্ষা করতে হয়েছে ১০ থেকে ১২ ঘণ্টা। বিকেল পাঁচটার সময় ফেরিঘাট থেকে প্রায় চার কিলোমিটার পর্যন্ত ঢাকামুখী যানবাহনের সারি দেখা গেছে রাস্তায়।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী, স্টেশন রোড ও মাওনা এই তিনটি পয়েন্টে কিছুটা যানজট দেখা গেছে। এর মধ্যে মাওনা এলাকায় সড়কের দুরবস্থা ও সেতু নির্মাণের কাজ চলায় যানজটে পড়তে হয়েছে মানুষকে।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক: বুধবার দিবাগত রাত একটার দিকে মহাসড়কের মির্জাপুর উপজেলার শুভুল্যা এলাকায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় প্রায় পৌনে এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এ ছাড়া রাত আড়াইটার দিকে টাঙ্গাইলের রাবনা বাইপাস এলাকায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষের আরেকটি ঘটনা ঘটে। এতে ২০-২৫ মিনিট যান চলাচল বন্ধ থাকে। এই দুটি দুর্ঘটনার রেশ ছিল গতকাল দিনভর।
হাইওয়ে পুলিশ, পরিবহন চালক ও যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, গোড়াই, শুভুল্যা, পাকুল্যা, নাটিয়াপাড়া ও করটিয়া মহাসড়কের এই পাঁচটি বাঁক এলাকাতেই যানজট বেশি হচ্ছে। একই সঙ্গে এসব এলাকা বাসস্টেশন হওয়ায় সারাক্ষণই যাত্রী ওঠানামা করান বাসচালকেরা। এতে স্বাভাবিক অবস্থাতেও এই পাঁচটি এলাকায় যানজট দেখা যায়।
মহাসড়কের মির্জাপুরের ক্যাডেট কলেজ এলাকা থেকে শুভুল্যা ছয়দানা পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার অংশ এবং আছিমতলা থেকে করটিয়া পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার অংশে গতকাল দিনভর যানজট লেগে ছিল।
মির্জাপুর এলাকায় সকালে কথা হয় হানিফ পরিবহনের বাসচালক জিয়াউর রহমানের সঙ্গে। তিনি বলেন, পঞ্চগড় থেকে বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় তিনি ঢাকার উদ্দেশে রওনা দেন। বঙ্গবন্ধু সেতু পার হয়েই যানজটে পড়েন। ভোর পাঁচটায় ঢাকায় পৌঁছার কথা থাকলেও সকাল আটটায় তিনি মির্জাপুর পর্যন্ত আসতে পেরেছেন।
টাঙ্গাইল জেলা বাস কোচ মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক লুৎফর রহমান বলেন, যানজট নিয়ন্ত্রণে সংগঠনের পক্ষ থেকে মির্জাপুর, পাকুল্যা, নাটিয়াপাড়া, করটিয়া ও এলেঙ্গাতে চারজন করে শ্রমিক কাজ করছেন।
মির্জাপুরের গোড়াই হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) যোবাইদুল আলম বলেন, ‘লক্কড়ঝক্কড় মার্কা ট্রাক দিয়ে পশু পরিবহন করা হচ্ছে। যানজটের কারণে কোনো ব্যবস্থা নেওয়ারও সুযোগ পাচ্ছি না। কে কার আগে যাবে চালকদের এই মানসিকতার কারণেও যানজট লাগছে।’
টাঙ্গাইলের পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর বলেন, মহাসড়ক যানজটমুক্ত রাখতে প্রায় ৫০০ পুলিশ সদস্য কাজ করছেন।
দৌলতদিয়া ঘাট: যশোরের নওয়াপাড়া থেকে ১৮টি গরু নিয়ে ট্রাকচালক মিরাজ হোসেন রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে আসেন বুধবার রাত ১০টায়। গতকাল দুপুর ১২টায় কথা হয় মিরাজের সঙ্গে। গরু নিয়ে ঢাকার গাবতলী হাটে যাওয়ার কথা তাঁর। তিনি বলেন, ‘ফেরিতে ওঠার আগেই ১৪ ঘণ্টা পার হয়ে গেছে। কখন ফেরিতে উঠতে পারব জানি না।’
দুপুরে ফেরিঘাট থেকে প্রায় চার কিলোমিটার এলাকা পর্যন্ত সড়কে গরুবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহনের সারি দেখা গেছে। দৌলতদিয়া ঘাট থেকে ফেরিতে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট পৌঁছাতে সময় লাগে সর্বোচ্চ ৩০ মিনিট। কিন্তু ফেরিতে ওঠার আগেই ন্যূনতম ১০ ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে বলে ট্রাকচালকেরা জানিয়েছেন।
এদিকে দৌলতদিয়া ঘাটে ফেরিস্বল্পতার অভিযোগ করেছেন পরিবহন মালিক ও চালকেরা। এই ঘাটে ইউটিলিটি (ছোট ফেরি), কে-টাইপ (মাঝারি আকৃতির ফেরি) ও রো রোসহ (বড় আকারের) ১৮টি ফেরি সব সময় চলাচল করে। কিন্তু গত মঙ্গলবার রাত থেকে দুটি ইউটিলিটি ফেরি বিকল হয়ে আছে। এ বিষয়ে বিআইডব্লিউটিসি বলছে, আজ শুক্রবারের মধ্যে দুটি ফেরি সচল হওয়ার সম্ভাবনা রয়েছে।
দুপুর সাড়ে ১২টার দিকে দৌলতদিয়ার তিন নম্বর ফেরিঘাটে কথা হয় কুষ্টিয়া থেকে গরু নিয়ে ঢাকার মিরপুরের উদ্দেশে রওনা হওয়া ট্রাকচালক ইয়ারুন মণ্ডলের সঙ্গে। তিনি বলেন, ‘সারা রাস্তায় কোনো সমস্যা হয়নি। এখন ঘাটেই বসে আছি ১৪ ঘণ্টা। ফেরিতে ওঠার জন্য অনেক কষ্টে এক দালালের মাধ্যমে বাড়তি টাকা দিয়ে টিকিট কেটেছি।’ তিনি বলেন, ‘যাত্রীবাহী বাস আগে পার করায় আমাদের বেশি সময় ঘাটে বসে থাকতে হচ্ছে।’
গরুবাহী ট্রাকচালকেরা অভিযোগ করেছেন, স্থানীয় দালালদের হাতে বাড়তি কয়েক শ টাকা দেওয়ার পর ফেরির টিকিট মিলছে।
তবে অভিযোগ সম্পর্কে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, ‘ফেরি পারাপারের টিকিটের মূল্য নিয়ম অনুযায়ী রাখা হয়। কাউন্টারের বাইরে কোনো চালক কাউকে টাকা দিলে সে দায়িত্ব আমাদের নয়।’
দালালদের তৎপরতা সম্পর্কে রাজবাড়ী পুলিশ সুপার তাপতুন নাসরীন বলেন, ‘শুধু দালাল কেন ঘাটের কোথাও কোনো অপশক্তিকে অপতৎপরতা চালাতে দেওয়া হবে না।’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক: বুধবার গভীর রাতে পৃথক দুটি দুর্ঘটনার কারণে গতকাল ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাড়কের কুমিল্লা অংশে কিছু সময়ের জন্য যানজট তৈরি হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মহাসড়কের কুমিল্লা অংশের কোথাও যানজট ছিল না।
এর আগে বুধবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে দাউদকান্দি উপজেলার হাসানপুরে দুটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। প্রায় একই সময়ে মহাসড়কের চান্দিনা উপজেলার তীরচর এলাকায় লাশবাহী একটি অ্যাম্বুলেন্স উল্টে যায়। এতে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। হাইওয়ে পুলিশ দুর্ঘটনাকবলিত তিনটি গাড়ি সরিয়ে নেওয়ার পর আবার যান চলাচল শুরু হয়। এ কারণে রাত আড়াইটা থেকে গতকাল ভোর পর্যন্ত মহাসড়কের ওই দুটি পয়েন্টে যানজট ছিল।
দাউদকান্দি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, দুর্ঘটনা এবং যানজট এড়াতে মহাসড়কের কুমিল্লা অংশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দুর্ঘটনাকবলিত ও বিকল হয়ে যাওয়া গাড়ি রাস্তা থেকে সরিয়ে নিতে রেকারের ব্যবস্থা করা হয়েছে।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক: এদিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী ও স্টেশন রোড ও মাওনা এলাকা ছাড়া অন্য কোথাও যানজট দেখা যায়নি। তবে পুলিশ বলছে, টঙ্গী ব্রিজের পাশে আবদুল্লাহপুর এলাকায় সিগন্যালের কারণেই ওই যানজট হচ্ছে।
গাজীপুর ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ সুপার সাখাওয়াত হোসেন বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী, স্টেশন রোড ও মাওনা এলাকায় কিছুটা যানজট থাকলেও চান্দনা চৌরাস্তা, ভোগাড়া বাইপাস, বাসন সড়ক এলাকায় কোনো যানজট ছিল না।
{প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন মির্জাপুর (টাঙ্গাইল); গোয়ালন্দ (রাজবাড়ী); গাজীপুর ও দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি}