উত্তাল সমুদ্রে আটকে গেল সেন্ট মার্টিনের গণটিকা কার্যক্রম
সারা দেশে ৭ আগস্ট থেকে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে শুরু হচ্ছে করোনার গণটিকা কার্যক্রম। এ নিয়ে মানুষের আগ্রহ বাড়ছে। টিকাকেন্দ্রে গিয়ে নিবন্ধন করছেন নানা শ্রেণি–পেশার নারী-পুরুষেরা। কিন্তু গণটিকার এই কার্যক্রম আটকে গেল কক্সবাজারের টেকনাফ উপজেলার ইউনিয়ন সেন্ট মার্টিন দ্বীপে। লঘুচাপের প্রভাব, ঝোড়ো হাওয়া এবং ভারী বৃষ্টিপাতের কারণে বঙ্গোপসাগর উত্তাল থাকায় টিকা কার্যক্রম আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।
কক্সবাজার জেলার ৯টি উপজেলার ৭০টি ইউনিয়ন ও ৪টি পৌরসভার ৩৯টি ওয়ার্ডে একযোগে শুরু হচ্ছে গণটিকা কার্যক্রম। এ জন্য ২৫০টি বুথে ১৮ বছরের বেশি বয়সী অন্তত দেড় লাখ মানুষকে গণটিকা দিতে প্রস্তুত রাখা হয়েছে ৫০৪ জন স্বাস্থ্যকর্মী ও ৭৫৬ জন স্বেচ্ছাসেবককে। তবে উত্তাল সমুদ্র পাড়ি দিয়ে টেকনাফ থেকে সেন্ট মার্টিনে গিয়ে টিকা কার্যক্রম পরিচালনা করা ঝুঁকিপূর্ণ বিবেচনা করছে উপজেলা করোনা প্রতিরোধ কমিটি। তাই সেখানে আপাতত কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কমিটি। টেকনাফ থেকে ৩৪ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরের মধ্যে ৮ বর্গকিলোমিটারের ভাসমান এই দ্বীপের লোকসংখ্যা সাড়ে ১০ হাজার।
উপজেলা করোনা প্রতিরোধ কমিটির মহাসচিব ও টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা টিটু চন্দ্র শীল প্রথম আলোকে বলেন, এখন খারাপ আবহাওয়া, সাগরও উত্তাল। তাই ৭ আগস্ট থেকে শুরু হতে যাওয়া গণটিকা সেন্ট মার্টিন দ্বীপে আপাতত স্থগিত রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে ক্রাশ প্রোগ্রামের (টানা কয়েক দিন) মাধ্যমে সেন্ট মার্টিনের অন্তত সাড়ে তিন হাজার বাসিন্দাকে টিকা দেওয়া হবে। ইতিমধ্যে টিকা নিতে আগ্রহী ব্যক্তিদের নিবন্ধন শুরু হয়েছে। যাঁদের এনআইডি (জাতীয় পরিচয়পত্র) কার্ড আছে, তাঁরাই টিকা নিবন্ধনের সুযোগ পাবেন।
টিটু চন্দ্র শীল বলেন, ৪ আগস্ট পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সেন্ট মার্টিন দ্বীপের কারও মৃত্যু হয়নি, কেউ করোনায় আক্রান্তও হয়নি। শুরু থেকে স্বাস্থ্যবিধি অনুসরণ এবং বাইরের লোকজনের দ্বীপে যাতায়াত সীমিত করার কারণে দ্বীপটি এখনো সুরক্ষিত। সুতরাং কিছুটা দেরিতে টিকা প্রয়োগ হলে সমস্যা হবে না।
গত ৪ জুন প্রথম আলোতে ‘সেন্ট মার্টিনের কেউ এখনো করোনায় আক্রান্ত হয়নি’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।
হতাশ দ্বীপের মানুষ
দ্বীপের উত্তরপাড়ার বাসিন্দা জমির আহমদ পেশায় মৎস্য ব্যবসায়ী। ঘরে স্ত্রী, মা ও তিন ছেলেমেয়ে। ৭ আগস্ট টিকা নেওয়ার প্রস্তুতি নিয়েছেন তিনি। সঙ্গে মা, স্ত্রী ও এক মেয়ে। কিন্তু ৭ আগস্ট গণটিকা কার্যক্রম শুরু না হওয়ার খবরে তিনি হতাশ। জমির আহমদ (৪৫) বলেন, লঘুচাপের প্রভাবে ১২ দিন সাগর উত্তাল থাকলেও এখন পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। সাগর অনেকটা শান্ত হয়ে আসছে। সারা দেশের মতো সেন্ট মার্টিনেও একযোগে গণটিকা শুরু হলে মানুষ উৎসাহ নিয়ে টিকাকেন্দ্রে যেত।
দ্বীপের বিভিন্ন স্থানে তিন দিন ধরে চলছে গণটিকার প্রচারণা। বলা হচ্ছে, নিবন্ধনের জন্য এনআইডি কার্ড সঙ্গে নিয়ে আসতে। এ জন্য সেন্ট মার্টিন জেটিঘাট ও বাজারে পৃথক তিনটি নিবন্ধন কেন্দ্র খোলা হয়েছে। ১৮ বছরের বেশি বয়সী নারী-পুরুষের অনেকে কেন্দ্রে গিয়ে জাতীয় পরিচয়পত্র প্রদর্শন করে টিকার নিবন্ধন সম্পন্ন করছেন।
সেন্ট মার্টিন দ্বীপ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুর আহমদ প্রথম আলোকে বলেন, ৭ আগস্ট থেকে সারা দেশের মতো সেন্ট মার্টিন দ্বীপেও করোনা টিকা শুরু হওয়ার কথা ছিল। টিকা প্রয়োগের স্থান হিসেবে ১০ শয্যার সেন্ট মার্টিন দ্বীপ হাসপাতালকে নির্ধারণ করা হয়েছিল, যে হাসপাতালের স্বাস্থ্যসেবা সাত বছর ধরে বন্ধ আছে। কিন্তু বৈরী পরিবেশে সাগর উত্তাল থাকায় টিকা প্রয়োগ আপাতত বন্ধ রেখেছে উপজেলা করোনা প্রতিরোধ কমিটি। সাগর শান্ত হলে এই টিকা প্রয়োগ হবে। তবে টিকার নিবন্ধন চলছে। গত চার দিনে পাঁচ শতাধিক মানুষ টিকার নিবন্ধন সম্পন্ন করেছেন।
গণটিকার আওতায় দেড় লাখ মানুষ
কক্সবাজার জেলার ৪টি পৌরসভা ও ৭০টি ইউনিয়নে একযোগে শুরু হচ্ছে করোনার গণটিকা। এতে জেলার ১ লাখ ৫১ হাজার ২০০ জনকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। এ জন্য ২৫০টি বুথে ৫২২ জন প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী ও ৭৫৬ জন স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে।
সিভিল সার্জন মাহবুবুর রহমান বলেন, ৭ থেকে ৯ আগস্ট পর্যন্ত ৩ দিন প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিকা নিতে পারবেন লোকজন। এ জন্য পৌরসভার প্রতিটি ওয়ার্ডে ১টি বুথ ও প্রতি ইউনিয়নে ১টি কেন্দ্রে ৩টি করে বুথ রাখা হচ্ছে। প্রতি বুথে দুজন প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী টিকা প্রয়োগ করবেন। তিনজন স্বেচ্ছাসেবক বুথের স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে কাজ করবেন। প্রতিদিন প্রতি বুথে ১৮ বছরের ওপরের ২০০ জনকে টিকা দেওয়া হবে। এ হিসাবে দৈনিক ৫০ হাজার ৪০০ জনকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, ৪ আগস্ট পর্যন্ত জেলায় করোনা টিকার জন্য অনলাইনে নিবন্ধন করেছেন ২ লাখ ৫ হাজার ৭০৫ জন। এর বিপরীতে প্রথম ডোজ নিয়েছেন ১ লাখ ৩১ হাজার ৬৬০ জন। প্রথম ও দ্বিতীয়—উভয় ডোজ নিয়েছেন ৫৭ হাজার ৮৯৪ জন।
কক্সবাজারে গত ১৯ জুন থেকে শুরু হয়েছে সিনোফার্মের টিকা। কয়েক দফায় ৮১ হাজার ২০০ ডোজ সিনোফার্মের টিকা এসেছে। এর মধ্যে উপজেলাগুলোতে পাঠানো হয়েছে ৪১ হাজার ৯৬০ ডোজ টিকা। মজুত আছে ৩৯ হাজার ২১৪ ডোজ।