উত্তেজিত জনতার তোপের মুখে টিসিবির গাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টিসিবির পণ্য কিনতে এসে ডাল ও চিনি না পেয়ে উত্তেজিত জনসাধারণ ট্রাক ঘেরাও করে রাখেন। বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদের সামনে
প্রথম আলো

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় টিসিবির পণ্য কিনতে এসে মালামাল কম থাকায় উত্তেজিত ক্রেতাদের তোপের মুখে পড়েন ডিলারের লোকজন। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করেন।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, সারা দেশের মতো জগন্নাথপুর উপজেলাতেও টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে ইউএনও জগন্নাথপুর নামে ফেসবুক আইডিতে ঘোষণা দেওয়া হয়, বেলা ১১টা থেকে উপজেলা পরিষদে টিসিবির মালামাল বিক্রি করা হবে। ঘোষণা অনুযায়ী মালামালের মধ্যে ছিল ১ হাজার লিটার সয়াবিন তেল, ৫০০ কেজি মসুর ডাল ও ৫০০ কেজি চিনি। ২৫০ জনের মতো ভোক্তা কিনতে পারবেন। লকডাউন চলাকালে ন্যায্যমূল্যে পণ্য কিনতে সকাল থেকেই মানুষের ঢল নামে পরিষদ প্রাঙ্গণে। দুপুর ১২টায় টিসিবির ট্রাক উপজেলা পরিষদ প্রাঙ্গণ আসে শুধু তেল নিয়ে। এ সময় ডাল ও চিনি না পেয়ে ভোক্তারা প্রতিবাদ জানান। একপর্যায়ে উত্তেজিত জনসাধারণ ট্রাক ঘেরাও করে রাখেন। খবর পেয়ে ইউএনও পদ্মাসন সিংহ ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করেন।

দুপুর ১২টায় টিসিবির ট্রাক উপজেলা পরিষদ প্রাঙ্গণ আসে শুধু তেল নিয়ে। এ সময় ডাল ও চিনি না পেয়ে ভোক্তারা প্রতিবাদ জানান।

টিসিবির ডিলার ধনেশ রায় বলেন, ‘সরকারি নিয়ম অনুযায়ী আমরা পণ্য বিক্রি করেছি। আমরা বরাদ্দ পেয়েছি ১ হাজার লিটার তেল, ৫০০ কেজি ডাল, ৫০০ কেজি চিনি। এর মধ্যে জগন্নাথপুর উপজেলা সদরে ৩২৪ জন ভোক্তার মধ্যে জনপ্রতি দুই লিটার তেল ২০০ টাকা মূল্যে বিক্রি করা হয়েছে। অবশিষ্ট তেল রানীগঞ্জ বাজারে বিক্রি করা হচ্ছে। এ ছাড়া রানীগঞ্জ বাজারে ২০০ ভোক্তার মধ্যে ৫৫ টাকা দরে ৫০০ কেজি ডাল ও চিনি বিক্রি করা হয়েছে।’

জগন্নাথপুর ইউএনও পদ্মাসন সিংহ বলেন, উপজেলা সদরে শুধু তেল বিক্রি করা হয়েছে এবং রানীগঞ্জ বাজারে চিনি ও ডাল বিক্রি করা হয়। ক্রেতাদের মধ্যে কিছু ভুল–বোঝাবুঝি হয়েছিল। পরে তিনি বুঝিয়ে বলায় তাঁরা শান্ত হন।