উত্ত্যক্তের প্রতিবাদ করায় থেঁতলে দেওয়া হলো যুবকের শরীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অপরাধ
প্রতীকী ছবি

পটুয়াখালীর বাউফল উপজেলায় এক নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ইট দিয়ে আঘাত করে যুবকের শরীরের বিভিন্ন অংশ থেঁতলে দেওয়া হয়েছে। আজ বুধবার উপজেলার তালতলী বাজারে এ ঘটনা ঘটে।

ওই যুবকের নাম মো. হারুন সিকদার (৩৫)। তিনি উপজেলার নাজিরপুর ইউনিয়নের বাকলা তাতেরকাঠি গ্রামের মো. জালাল সিকদারের ছেলে। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালান।

আহত হারুনের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, বাকলা তাতেরকাঠি গ্রামের বাসিন্দা মো. হানিফ সিকদার (৪০) এক নারীকে উত্ত্যক্ত করে আসছিলেন। এর প্রতিবাদ করেন হারুন সিকদার। এ নিয়ে হানিফের সঙ্গে হারুনের বিরোধ সৃষ্টি হয়। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে হানিফ ওই নারীর বাড়িতে গেলে হারুনের নেতৃত্বে স্থানীয় লোকজন হানিফকে আটক করেন এবং ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে জানান। পুলিশ ঘটনাস্থলে গেলে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য দায়িত্ব নিয়ে বিষয়টি মীমাংসা করে দেন। পরে বুধবার সকাল ৯টার দিকে হারুন তালতলী বাজরে গেলে হানিফ ও তাঁর লোকজন হারুনের ওপর হামলা চালান। এ সময় ইট দিয়ে হারুনের শরীরের বিভিন্ন অংশ থেঁতলে দেওয়া হয়েছে। স্থানীয় লোকজন আহত অবস্থায় হারুনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

নাজিরপুর ইউপি সদস্য মো. ফকরুল ইসলাম বলেন, মীমাংসিত বিষয় নিয়ে আবার হারুনকে মারধর করা হয়েছে। এটা খুবই দুঃখজনক।

এ বিষয়ে অভিযুক্ত হানিফ সিকদার বলেন, ‘মিথ্যা ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে আমাকে হারুন থাপ্পড় মেরেছে। মীমাংসা করলেও থাপ্পড়ের বিচার হয়নি। এ কারণে আজ হারুনকে মেরেছি।’

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেননি। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।