উত্ত্যক্তের প্রতিবাদ করায় মা, বাবা ও মামাকে পেটাল তিন বখাটে
মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় মা, বাবা ও মামাকে পিটিয়ে জখম করেছেন তিন বখাটে যুবক। গতকাল শুক্রবার সন্ধ্যায় নাটোরের নলডাঙ্গা উপজেলায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আজ শনিবার দুপুরে মেয়েটির মামা বেলাল হোসেন বাদী হয়ে ওই তিন যুবককে আসামি করে নলডাঙ্গা থানায় মামলা করেছেন।
অভিযুক্ত ব্যক্তিরা হলেন উপজেলার বাবু হোসেন (২২), স্বাধীন আলী (২৩) ও আমান আলী (২৩)।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ঘটনার পরপরই অভিযুক্ত ব্যক্তিরা আত্মগোপন করেছেন। তাঁদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। তবে আজ বিকেল পর্যন্ত তাঁদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
তিন যুবক ওই তরুণীকে উদ্দেশ করে অশালীন কথাবার্তা বলে উত্ত্যক্ত করতে থাকেন।
ভুক্তভোগী তরুণী ও নলডাঙ্গা থানা-পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার সন্ধ্যায় নিজ বাড়ির আঙিনায় ব্যাডমিন্টন খেলছিলেন ওই তরুণী (২৩)। এ সময় বাবু হোসেন, স্বাধীন আলী ও আমান আলী সেখানে এসে ওই তরুণীকে উদ্দেশ করে অশালীন কথাবার্তা বলে উত্ত্যক্ত করতে থাকেন। বিষয়টি জানতে পেরে ওই তরুণীর মা, বাবা, ভাই ও মামা সেখানে গিয়ে যুবকদের আচরণের প্রতিবাদ করেন। কথা-কাটাকাটির একপর্যায়ে ওই যুবকেরা তাঁদের ক্রিকেট ব্যাট দিয়ে পিটিয়ে জখম করে পালিয়ে যান। পরে আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
আজ দুপুরে তরুণীর মামা বাদী হয়ে ওই তিন যুবককে আসামি করে নলডাঙ্গায় থানায় মামলা করেন।