উদ্ধারকর্মীদের অন্য রকম উদ্যোগ 'অপরাজেয়'
রানা প্লাজার ধসের পর আহত কয়েকজন শ্রমিক নিয়ে শুরু হয়েছিল একটি উদ্যোগ। সেটি ২০১৩ সালে ২৪ জুন। মাত্র পাঁচটি মেশিন নিয়ে পাটের ব্যাগ তৈরির ছোট্ট একটি কারখানা চালু হয় সাভার থানা বাসস্ট্যান্ড-সংলগ্ন আনন্দপুরে। চালু হওয়ার বেশ কয়েক মাস পরে গিয়ে কারখানাটির নাম দেওয়া হয় অপরাজেয়। শ্রমিক মালিকানার একটি প্রতিষ্ঠান হিসেবেই এটিকে গড়ে তোলা হয়। আর এটি পরিচালিত হয় একটি ট্রাস্টের অধীনে।
রানা প্লাজা ধসের পর সেখানে উদ্ধারকাজ চালাতে যাওয়া একদল তরুণের উদ্যোগেই এটি গড়ে ওঠে। তাঁদেরই একজন কাজী মুনির হোসেন, যিনি বর্তমানে ট্রাস্টের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ও কোষাধ্যক্ষ হিসেবে রয়েছেন যথাক্রমে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি আক্কু চৌধুরী ও মানবাধিকারকর্মী খুশি কবীর। এ তিনজনের বাইরে রানা প্লাজায় আহত দুই শ্রমিক নিয়ে গঠন করা হয় সংকলন বাংলাদেশ ট্রাস্ট নামে সেবামূলক এক সংগঠন। ট্রাস্টের চেয়ারম্যান রানা প্লাজায় আহত শ্রমিক মিলি খাতুন। ২০ সদস্যের ট্রাস্টের ১৫ জনই রানা প্লাজায় আহত শ্রমিক।
খোঁজ নিয়ে জানা গেছে, রানা প্লাজা ধসের পর এটির আহত শ্রমিকদের কল্যাণে এ রকম একাধিক প্রতিষ্ঠান গড়ে উঠলেও এখন পর্যন্ত টিকে আছে অপরাজেয়। যদিও গত ১৪ মার্চ একটি দুর্ঘটনায় বড় ধরনের ধাক্কা খেয়েছে প্রতিষ্ঠানটি। ওই দিন কারখানাটিতে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটে। পুড়ে যায় উৎপাদিত পণ্য ও মেশিনারিজ। তাই এখন স্থান বদল করে সীমিত পর্যায়েও চলছে এটির কার্যক্রম।
কাজী মুনির হোসেন জানান, গত মার্চে পুড়ে যাওয়ার আগে কারখানাটিতে মেশিনসংখ্যা বেড়ে দাঁড়িয়েছিল ৪৮টি। শ্রমিক ছিলেন ৫১ জন, যাঁদের বেশির ভাগই রানা প্লাজায় আহত শ্রমিক। চালু হওয়ার পর থেকে কারখানাটি সাতটি ক্রয়াদেশের বিপরীতে বিশ্বের বিভিন্ন দেশে দেড় লাখ ডলারের পণ্য রপ্তানি করে। প্রতিষ্ঠানের মুনাফার টাকায় ২০১৪ সালের ফেব্রুয়ারিতে চালু করা হয় ‘সংকলন পাঠাগার’ নামের একটি প্রাথমিক বিদ্যালয়। এর বাইরে মুনাফার কিছু অংশ শ্রমিকদের মধ্যে বণ্টন করা হয়।
বর্তমানে এ বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ২৪৫ জন। এর ৯৫ শতাংশই গার্মেন্টস শ্রমিক পরিবারের সন্তান আর ২৭ জন শিক্ষার্থী রানা প্লাজায় ক্ষতিগ্রস্ত পরিবারের। সম্পূর্ণ বিনা মূল্যে শিক্ষার্থীদের পড়ালেখা করানোর পাশাপাশি শিক্ষা উপকরণও বিতরণ করা হয়। কারখানার আয়ে এত দিন বিদ্যালয়ের কার্যক্রম সুষ্ঠুভাবে চললেও কারখানা পুড়ে যাওয়ায় বিদ্যালয়টির ভবিষ্যৎ নিয়েও শঙ্কা তৈরি হয়েছে।
তবে মাঝপথে এসে থেমে যেতে চান না এই উদ্যোগের সঙ্গে জড়িতরা। নতুন উদ্যমে আবারও কারখানাটি চালুর চেষ্টা চালানো হচ্ছে। অর্থসংকটই এখন এটির মূল সমস্যা। সেটি দূর করা সম্ভব হলে অচিরেই কারখানাটি পরিপূর্ণ হয়ে উঠবে বলে মনে করেন এটির পরিচালনার সঙ্গে যুক্ত ব্যক্তিরা। তাঁরা জানান, বর্তমানে বিদ্যালয়টি চালাতে মাসে ১ লাখ ১২ হাজার টাকা লাগে। যা আগে কারখানার আয় থেকে সংস্থান হতো। এখন কারখানাটি পুনরায় সচল করা গেলে বিদ্যালয়টির সংকটও কেটে যাবে।
মুনির হোসেন জানান, শ্রমিক মালিকানার প্রতিষ্ঠান বলে ব্যাংকঋণ ও অন্যান্য কোনো সুবিধাও তাঁরা পান না। একাধিক ব্যাংকে ঋণের চেষ্টা করা হলেও কোনো ব্যাংক তা দিতে রাজি হয়নি।