উদ্বিড়াল হত্যার কথা স্বীকার করে ক্ষমা প্রার্থনা
সাতক্ষীরার শ্যামনগরে উদ্বিড়াল হত্যার ঘটনায় ক্ষমা প্রার্থনা করেছেন প্রাণীটি হত্যায় জড়িত ব্যক্তিরা। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের কলবাড়ি গ্রামের রবীন্দ্রনাথ বর্মণ, ঝন্টু বর্মণ ও হরিদাস বর্মণ বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনে হাজির হয়ে লিখিতভাবে ক্ষমা প্রার্থনা করেন।
বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা সুলতান আহমেদ জানান, সুন্দরবনসংলগ্ন কলবাড়ি গ্রামে গত বুধবার সন্ধ্যায় একটি উদ্বিড়াল (ভোঁদড়) কয়েকজন মিলে পিটিয়ে হত্যা করেন। হত্যার অভিযোগে বুড়িগোয়ালিনী গ্রামের রবীন্দ্রনাথ বর্মণ, ঝন্টু বর্মণ ও হরিদাসকে আজ বুড়িগোয়ালিনী ফরেস্ট অফিসে হাজির হওয়ার জন্য নোটিশ দেওয়া হয়। নোটিশ পাওয়ার পর তাঁরা আজ ফরেস্ট অফিসে হাজির হয়ে লিখিতভাবে ক্ষমা চান। তাঁরা আবেদনে লেখেন, উদ্বিড়ালটি তাঁদের বাড়িসংলগ্ন পুকুরে ঢুকে মাছ খেয়ে ক্ষতি করছিল। তাঁরা প্রথমে উদ্বিড়ালটি তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হন। পরে জাল দিয়ে উদ্বিড়ালটি ধরে কয়েকজন মিলে পিটিয়ে হত্যা করেন। তাঁরা জানতেন না যে উদ্বিড়াল হত্যা করা অন্যায়। উদ্বিড়াল হত্যার জন্য তাঁরা দুঃখিত ও মর্মাহত। ভবিষ্যতে এ ধরনের কাজ আর কখনো করবেন না। এ অপরাধের জন্য তাঁরা ক্ষমা প্রার্থনা করছেন।
সুন্দরবনসংলগ্ন কলবাড়ি গ্রামে বুধবার সন্ধ্যায় একটি উদ্বিড়াল (ভোঁদড়) কয়েকজন মিলে পিটিয়ে হত্যা করেন। ওই উদ্বিড়ালটি সুন্দরবনে অবমুক্ত হওয়া উদ্বিড়ালের একটি বলে ধারনা করা হচ্ছে।
ফরেস্ট স্টেশন কর্মকর্তা সুলতান আহমেদ আরও জানান, উদ্বিড়ালটি হত্যার পর হত্যাকারীরা মরদেহ চুনকুড়ি নদীতে ফেলে দিয়েছেন। মরদেহটি তাঁদের উদ্ধারের জন্য বলা হয়েছে। হত্যা করা উদ্বিড়ালটি পাচারকারীদের কাছ থেকে উদ্ধারের পর বনে অবমুক্ত করা উদ্বিড়াল কি না, তা নিশ্চিত হওয়ার জন্য মরদেহ উদ্ধারে চেষ্টা চলছে।
সুলতান আহমেদ জানান, তাঁদের আবেদনটি নেওয়া হয়েছে। এটি সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এম এম হাসানের কাছে দেওয়া হবে। তিনি নির্ধারণ করবেন হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হবে, না ক্ষমা করে দেবেন নাকি অন্য কোনো শাস্তির আওতায় নিয়ে আসবেন।
সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতে পাচারকালে বিভিন্ন সময় উদ্ধার করা ছয়টি আর্জেন্টাইন পাটাগোনিয়ান মারা, দুটি উদ্বিড়াল ও একটি ইগল গত রোববার সাতক্ষীরার ৩৩ বিজিবি বন বিভাগের সাতক্ষীরার বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়। এর মধ্যে আর্জেন্টিনার পাটাগোনিয়ান মারাগুলো খুলনার বন্য প্রাণী কেন্দ্রে পাঠানো হয়। ওই সন্ধ্যায় দুটি উদ্বিড়াল চুনকুড়ি নদীর ধারে সুন্দরবনে অবমুক্ত করা হয়। ধারণা করা হচ্ছে, অবমুক্ত করা ওই দুটি উদ্বিড়ালের মধ্যে একটি হত্যা করা হয়েছে। তবে বন বিভাগ নিশ্চিত করতে পারেনি, হত্যা করা উদ্বিড়ালটি সুন্দরবনে অবমুক্ত হওয়া উদ্বিড়ালের একটি কি না।