উদ্বোধনের পরেই বিজিবির আপত্তিতে আশ্রয়ণ প্রকল্পের কাজ স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আশ্রয়ণ প্রকল্পের কাজ শুরুর পর জমি নিয়ে বিজিবির পক্ষ থেকে আপত্তি জানানো হয়। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের মান্দুলপাড়া এলাকায়
ছবি: প্রথম আলো

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় আশ্রয়ণ প্রকল্প-২ এর ঘর নির্মাণকাজের উদ্বোধনের পরপরই বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) আপত্তিতে থেমে গেছে। ওই এলাকায় বিজিবি ওয়েলফেয়ার ট্রাস্ট নামের একটি প্রতিষ্ঠানের জমি রয়েছে বলে দাবি করছে বিজিবি।

আজ মঙ্গলবার দুপুরে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের মান্দুলপাড়া এলাকায় পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কের পাশে এই ঘর নির্মাণকাজের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান। এ সময় তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহাগ চন্দ্র সাহা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া, তেঁতুলিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইয়াছিন আলী মণ্ডল, বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারেক হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও ভূমি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর ঘণ্টাখানেক পরেই বিজিবির আপত্তির কারণে কাজ স্থগিত করা হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রথম দিকে নির্মাণকাজ শুরুর সময় বিজিবির কয়েকজন সদস্য এসে কাজ বন্ধ রাখার অনুরোধ করেন। পরে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সালেহ আহমেদ ঘটনাস্থলে পৌঁছে এক দিনের সময় চেয়ে নির্মাণকাজ স্থগিত রাখতে বলেন। এরপর নির্মাণকাজ স্থগিত করে উপজেলা প্রশাসন।

এ বিষয়ে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সালেহ আহমেদ বলেন, ‘এটা আমাদের অফিসিয়াল বিষয়। তাই আমি এই মুহূর্তে আমি কিছু বলতে চাই না। এখানে আমরা কাজ বন্ধ করিনি। আমরা মূলত এখানে সমন্বয় করতে এসেছি। এটা আপনারা পরে জানতে পারবেন।’

উপজেলা প্রশাসন জানায়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় তৃতীয় পর্যায়ে তেঁতুলিয়ায় ৪৫০ জন ভূমিহীনের জন্য ঘর নির্মাণ করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে বুড়াবুড়ি ইউনিয়নের ৩৫ জন ভূমিহীন এই ঘর পাবেন। তাঁদের মধ্যে ছয়টি পরিবারকে বরাদ্দ দেওয়া হয় বুড়াবুড়ি ইউনিয়নের ডাহুক নদসংলগ্ন মান্দুলপাড়া এলাকায় ২৪২ নম্বর দাগের ১২ শতাংশ খাসজমি। এর আগে ওই জমিসংলগ্ন জমিতে ছয়টি পরিবারকে ঘর নির্মাণ করে দিয়েছিল উপজেলা প্রশাসন।

বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারেক হোসেন বলেন, খাসজমিতে ঘর নির্মাণ করা হচ্ছিল। এর আগেও এখানে ছয়টি ঘর নির্মাণ করা হয়েছে। বিজিবি ওয়েলফেয়ার ট্রাস্টের জমি রয়েছে, সেটি তো আলাদা। এখন বিজিবি কাজ স্থগিত করে সমন্বয় করার কথা বলছে।

তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহাগ চন্দ্র সাহা বলেন, ‘আমরা খাসজমিতেই ভূমিহীনদের জন্য ঘর নির্মাণের কাজ শুরু করেছিলাম। বিজিবি সেখানে এসে আপত্তি জানিয়ে সমন্বয় করার কথা বলেছে। বিজিবির আপত্তিতেই আপাতত কাজটি স্থগিত রাখা হয়েছে। আশা করি খুব দ্রুত সব জটিলতা কাটিয়ে আবার কাজ শুরু করতে পারব।’