
বরিশাল নগরের প্রাণকেন্দ্রে অবস্থিত ‘শহীদ মুক্তিযোদ্ধা কাঞ্চন উদ্যান’ ভেঙে মুক্তিযোদ্ধাদের জন্য কবরস্থান করার সিদ্ধান্ত নিয়েছে সিটি করপোরেশন। তবে এই সিদ্ধান্তে বিক্ষুব্ধ হয়ে উঠেছেন নগরবাসী। তাঁরা বলেছেন, উদ্যান ভেঙে কবরস্থান তৈরি কোনোভাবেই মেনে নেওয়া হবে না। প্রয়োজনে আন্দোলনের মাধ্যমে তা প্রতিহত করা হবে। কবরস্থান করতে হলে অন্যত্র করা হোক।
খোঁজ নিয়ে জানা গেছে, নগরের কালিবাড়ী সড়কে ব্রজমোহন বিদ্যালয় ও নার্সিং সেন্টারের পাশে অরক্ষিত স্থান উন্নয়ন করে শহীদ মুক্তিযোদ্ধা মো. মজিবুর রহমান কাঞ্চনের নামে ২০০৯ সালে এই উদ্যানটি গড়ে তোলেন সাবেক মেয়র শওকত হোসেন হিরন। সেই থেকে এই উদ্যানে প্রতিদিন শত শত মানুষ হাঁটাচলা করে।
বরিশাল নগরের ব্রজমোহন বিদ্যালয় এবং নার্সিং সেন্টারসংলগ্ন এই পার্কটি গড়ে উঠেছে প্রায় তিন একর জায়গার ওপর। পার্কটিতে রয়েছে কৃষ্ণচূড়া, ঝাউ, বাদাম, নারকেল, খেজুর, জারুল, পলাশ, কাঞ্চনসহ বিভিন্ন জাতের ফুল ও ফলের গাছ। আরও রয়েছে বিভিন্ন ধরনের পাতাবাহারের গাছ। হাঁটার জন্য পার্কের চারদিকে রয়েছে চিকন সড়ক। আর মাঝে মাঝে রয়েছে ছায়াঘেরা বসার স্থান।
সিটি করপোরেশনের কবরস্থান তৈরির এই উদ্যোগের প্রতিবাদ জানিয়েছে বরিশালের ২৭টি সংগঠনের জোট বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ। তারা বলেছে, উদ্যান ভেঙে কবরস্থান করা হলে মানুষ সকাল-বিকেল পায়চারির সুবিধা থেকে বঞ্চিত হবে। তা ছাড়া, এই এলাকায় অন্য কোনো বিনোদন স্থান নেই। জোটটি ১৩ অক্টোবর সিটি মেয়রের সঙ্গে দেখা করে উদ্যান রক্ষার দাবিতে স্মারকলিপি দিয়েছে।
জানতে চাইলে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) বরিশালের সভাপতি মুক্তিযোদ্ধা আক্কাস হোসেন গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ‘মুক্তিযোদ্ধাদের জন্য যদি দরদ থাকে তাহলে পৃথক একটি কবরস্থান করে দিক সিটি করপোরেশন। পার্ক ভেঙে কবরস্থান করতে হবে কেন?’
কালিবাড়ী সড়কের বাসিন্দা প্রবীণ ব্যক্তিত্ব মাকছুদুর রহমান বলেন, উদ্যান ভেঙে কবরস্থান, কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। মুক্তিযোদ্ধাদের জন্য প্রয়োজন হলে নগরের অন্য কোনো পরিত্যক্ত স্থানে কবরস্থান করা যেতে পারে।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন মুক্তিযোদ্ধা জানান, বর্তমান মেয়র বিগত সিটি করপোরেশন নির্বাচনের সময় এই উদ্যান ভেঙে মুক্তিযোদ্ধাদের নামে কবরস্থান করে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। নির্বাচনের পর তাঁর সেই উদ্যোগের সঙ্গে তাল মেলায় মুক্তিযোদ্ধাদের একাংশ। তাঁদের মধ্যে অন্যতম নূরুল আলম ফরিদ ও এনায়েত হোসেন চৌধুরী। পরে এর সঙ্গে যোগ দেন বর্তমান কমান্ডার শেখ কুতুব উদ্দিন আহম্মেদ ও সাবেক কাউন্সিলর মো. শাহজাহান হাওলাদারসহ আরও অনেকে। তাঁরা মুক্তিযোদ্ধা সংসদের মাধ্যমে সিটি করপোরেশনে একটি দরখাস্ত দেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে মেয়র ওই উদ্যোগ নিয়েছেন।
এ ব্যাপারে সিটি করপোরেশনের মেয়র আহসান হাবিব কামাল গতকাল দুপুরে প্রথম আলোকে বলেন, ‘শহীদ মুক্তিযোদ্ধা কাঞ্চন উদ্যানে কবরস্থান করা আমার নির্বাচনী ওয়াদা ছিল। তা ছাড়া, মুক্তিযোদ্ধারাও আবেদন করেছেন। বিষয়টি করপোরেশনের মাসিক সভায় অনুমোদিত হয়েছে।’
উদ্যান ভেঙে কবরস্থান তৈরির পক্ষে মুক্তিযোদ্ধা নূরুল আলম ফরিদ বলেন, ‘যাঁরা আমাদের নাম বলেছেন, তাঁরা সঠিক বলেননি। মূলত একটি মতবিনিময় সভায় মুক্তিযোদ্ধারা মেয়রের কাছে ওই দাবি জানিয়েছেন। সেখানে আমাকে ডাকাও হয়নি।’
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ বরিশাল জেলা কমান্ডার শেখ কুতুব উদ্দিন আহম্মেদ বলেন, ‘কবরস্থানকে পার্ক বানিয়েছেন হিরন সাহেব। আমরা সেই পার্কেই আবার কবরস্থান করার দাবি করেছি।’