বন্দিদশা ঘুচেছে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার ১০টি বিলুপ্ত ছিটমহলের বাসিন্দাদের। তবে এসব স্থানে এখনো দৃশ্যত উন্নয়নের ছোঁয়া লাগেনি। একের পর এক জরিপ চলছে। ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ায় উন্নয়নকাজ হওয়ায় তাঁরাও উন্নয়নের আশায় দিন গুনছেন।
১৪ অক্টোবর ভূরুঙ্গামারীর বিলুপ্ত ছিটমহলগুলোতে সরেজমিনে দেখা গেছে, বন্দিদশা থেকে মুক্তি পাওয়ায় মানুষের মনে স্বস্তি ও নিরাপত্তার বোধ ফিরে এসেছে। বিলুপ্ত ছিট সেউতি কুর্শার মারফত আলী বলেন, ‘এত দিন মাথা নিচু করে ছিলাম। এখন ফির মাথা উঁচা করি বাইরে যাওয়ার পাই। এই তো অনেক বড় পাওয়া। সরকার যদি আরও কিছু দিলে দিবে। না দিলে দাবি নাই।’
কুড়িগ্রামে বিলুপ্ত ছিটমহল ১২টি। সদর উপজেলায় একটি, ফুলবাড়ীতে একটি ও ভূরুঙ্গামারীতে ১০টি। কুড়িগ্রাম সদরের ছিটমহলটি ছোট। জনবসতি নেই। ফুলবাড়ীর দাসিয়ারছড়া ছিট ছিল সবচেয়ে বড়। ভূরুঙ্গামারীর সাবেক ছিটগুলো তেমন বড় নয়। বিলুপ্ত এই ছিটগুলো কুড়িগ্রাম শহর থেকে ৮০-৮৫ কিলোমিটার দূরে। একেবারে ভারতের কোচবিহার জেলার দিনহাটা মহকুমা-সংলগ্ন। বিক্ষিপ্তভাবে ছড়িয়ে আছে। বিলুপ্ত ছিটগুলো গ্রাম হিসেবে সংশ্লিষ্ট ইউনিয়নের অন্তর্ভুক্ত হয়েছে। এগুলো হলো সেউতি কুর্শা, সাহেবগঞ্জ, কালামাটি, বড় গাউচুলকা, গাউচুলকা-১ ও ২, দীঘলটারী-১ ও ২ এবং গারলঝরা-১ ও ২। মোট জমি ২৮৪ একর, পরিবার সংখ্যা ২৬১ এবং লোকসংখ্যা ১ হাজার ২৩০ জন। এদের মধ্যে ৩৩ জন ভারতের নাগরিকত্বের জন্য নাম নিবন্ধন করিয়েছিলেন। তবে ১১ জন এ দেশেই থেকে যাবেন বলে পরে মত বদলেছেন।
ভূরুঙ্গামারীর এই গ্রামগুলোর অধিকাংশ বাসিন্দার কথাবার্তার ধরন কুড়িগ্রামের কথোপকথন রীতির সঙ্গে মেলে না। সাহেবগঞ্জের প্রৌঢ় বাসির উদ্দিন বললেন, তাঁরা আসলে ভাটি অঞ্চলের লোক। ময়মনসিংহ, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, জামালপুরে নদীভাঙনের কবলে পড়ে তাঁদের বাবা-দাদারা ভূরুঙ্গামারীর বিভিন্ন জায়গায় বসতি করেন। সে ব্রিটিশ আমলের কথা। তখন ছিটমিট ছিল না। পরে দেশ ভাগ হলো। কপাল দোষে তাঁদের কেউ কেউ পড়ে গিয়েছিলেন ছিটে। ছিট বিনিময়ের পর তিন দফায় প্রতিবার পরিবারপ্রতি নয় কেজি করে চাল পেয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে। সরকারি সাহায্য-সহযোগিতা বলতে আপাতত এই।
ছিট থাকার সময় এই ১০ ছিটের নেতা ছিলেন সেউতি কুর্শার তারিকুল ইসলাম। তাঁর পদ ছিল ‘ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি’র ভূরুঙ্গামারী শাখার সভাপতি। বাড়িতেই পাওয়া গেল তাঁকে। ছিটমহল বিনিময়ের পর যুক্তিসংগত কারণেই তাঁদের সংগঠনটিও কার্যকারিতা হারিয়েছে। তিনি বললেন, সরকারি তরফে কয়েক দফা জরিপ হয়েছে। একতরফা এসে মাথা গোনা হয়েছে। আরেক দফায় বয়স্ক, বিধবা, প্রতিবন্ধীদের তালিকা করে নিয়ে গেছে। বিদ্যুৎ-সংযোগের জন্যও একবার পরিবার গণনা হয়েছে। গ্রামগুলোর পার্শ্ববর্তী পাথরডুবি ইউনিয়নে সাতটি, শিলকুড়িতে একটি ও ভূরুঙ্গামারী সদরের সঙ্গে দুটি বিলুপ্ত ছিট অন্তর্ভুক্ত হয়েছে। এসব গ্রামে স্কুল হওয়া দরকার। খাবার পানির খুব কষ্ট। বেশির ভাগ মানুষেরই বসতঘর ছাড়া তেমন জমিজমা নেই। দিনমজুরি করে চলে। সরকারিভাবে নলকূপ বসিয়ে দিলে পানির কষ্ট দূর হবে। রাস্তা বলতেও তেমন কিছু নেই। জমির আল, এর-ওর বাড়ির আঙিনা দিয়ে চলাচল। রাস্তা হওয়াটাও খুব জরুরি।
বিলুপ্ত এসব ছিটের বাসিন্দারা মনে করেন, তাঁদের এলাকায়ও উন্নয়ন হবে। নলকূপ বসবে, রাস্তা হবে। সাবেক বড় ছিটগুলোতে বিদ্যুৎ-সংযোগ চালু হয়েছে। ছিট বলে এত দিন তাঁরা উপেক্ষিত ছিলেন। এখন কি ছোট ছিট বলে উপেক্ষিত হবেন—এমন আশঙ্কাও আছে কারও কারও মনে।
কালামাটির জিয়াউল হক, দীঘলটারীর খোকন মিয়া বললেন জমিজমার কাগজ নিয়ে সমস্যার কথা। এই সমস্যা অনেকেরই। জমির মূল দলিল নেই। সাদা কাগজে লেখা। বিশেষ করে বিলুপ্ত ছিটের জমি বাইরের অনেকে কিনেছিলেন, তাঁদের কাছে দলিল বলতে সাদা কাগজে ওই লেখা। তবে বিলুপ্ত ছিটবাসীরা বললেন, ইউএনও তাঁদের নিয়ে বৈঠক করে জানিয়েছেন, নতুন করে জমির জরিপ হবে। ২০১১ সালের মাথা গণনা অনুসারে যাঁর কাছে যে জমির কাগজ আছে ও যাঁর যেখানে দখল আছে, সেই মোতাবেক নতুন রেকর্ড করে দেওয়া হবে। জমি যদিও আপাতত বিক্রি বন্ধ, তবে বাংলাদেশের মূল ভূখণ্ডে মিলিত হওয়ায় এসব এলাকার জমির দামও বেড়ে গেছে এক লাফে। আগে এই ছিটের জমির দাম ছিল দুই-আড়াই লাখ টাকা বিঘা। এখন দাম উঠেছে পাঁচ লাখের ওপর। জমিজমার বিষয়টিও এখানে অনেকের মনে একটি বড় দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে।
অন্যের মনে যাই থাক, বেশ খুশি আছেন সেউতি কুর্শার সোনাউল্লা শেখের মেয়ে হালিমা খাতুন। তিনি শারীরিক প্রতিবন্ধী। চলতে-ফিরতে পারেন না। বাবার অভাবী সংসার। ছিট বিনিময়ের পর সমাজসেবা অধিদপ্তরের লোকেরা প্রতিবন্ধী ভাতার তালিকা করতে এসে তাঁর নাম লিখে নিয়ে গেছেন। কত পাবেন, কবে পাবেন, তা জানেন না। তাঁর বিশ্বাস, নাম যখন লিখে নিয়েছে, মাসে কিছু না কিছু পাবেন। প্রতি মাসে কিছু পেলে দারিদ্র্য ও প্রতিবন্ধিতায় দুর্বিষহ জীবন খানিকটা হলেও নির্ভার হবে। নবতিপর হালিমন বেওয়াও আশা করছেন ভাতা পাওয়ার। সাবেক এসব ছিটের বাসিন্দাদের সবাই কিছু না কিছু পাওয়ার আশায় দিন গুনছেন।
ভূরুঙ্গামারীর ইউএনও এরশাদ আহসান হাবিব গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, ১৫ অক্টোবর থেকে জমির জরিপ শুরু হয়েছে। মাসব্যাপী এই জরিপ শেষ হবে আগামী ১৫ নভেম্বর। জমি নিয়ে এ পর্যন্ত তিনটি অভিযোগ এসেছে। পর্যায়ক্রমে এগুলোর নিষ্পত্তি করা হবে। বিলুপ্ত এসব ছিটে উন্নয়নকাজ শুরু হয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, এখনো শুরু হয়নি।