উন্নয়ন প্রকল্পগুলোতে টাকা লোপাটে দালাল শ্রেণি শক্তিশালী হয়ে উঠেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদারীপুরের শিবচরে মার্কেটের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন চিফ হুইপ নূর ই আলম চৌধুরী। শুক্রবার দুপুরে উপজেলার সন্যাসীরচর ইউনিয়নের খাসেরহাট এলাকায়
প্রথম আলো

জাতীয় সংসদের চিফ হুইপ ও মাদারীপুর-১ আসনের সাংসদ নূর ই আলম চৌধুরী বলেছেন, শিবচরে চলমান একটি প্রকল্প থেকে দালাল চক্র ভুয়া দলিল করে ৩৫ কোটি টাকা হাতিয়ে নিলেও প্রায় ৯ কোটি টাকা জেলা প্রশাসন ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে। বাকি টাকাও ফেরত আনার কাজ চলছে। এর সঙ্গে জড়িত দালাল চক্রকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।

আজ শুক্রবার দুপুরে উপজেলার সন্ন্যাসীরচর ইউনিয়নের খাসেরহাট এলাকায় প্রায় সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত দোতলা মাল্টিপারপাস মার্কেটের উদ্বোধন অনুষ্ঠানে চিফ হুইপ এ কথা বলেন। তিনি বলেন, পাঁচ বছর আগে শিবচরে চলমান প্রকল্পগুলো কী অবস্থায় ছিল, স্যাটেলাইট ও ড্রোন ক্যামেরার মাধ্যমে তার ছবি নেওয়া আছে। ক্ষতিপূরণের আশায় ইচ্ছে করলেই যা খুশি তা করা যাবে না।

এ সময় প্রশাসনের উদ্দেশে নূর ই আলম চৌধুরী বলেন, ‘জমি অধিগ্রহণের দুর্নীতির সঙ্গে শিবচরের কোনো আওয়ামী লীগের নেতা-কর্মী যদি জড়িত থাকে, আপনারা প্রশাসনের পক্ষ থেকে যদি কোনো ব্যবস্থা গ্রহণ করেন, গ্রেপ্তার করেন, তাহলে শিবচর আওয়ামী লীগ আপনাদের সঙ্গে থাকবে। দুর্নীতির সঙ্গে কর্মকর্তা, ব্যক্তি যে-ই জড়িত থাকুক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন।’

চিফ হুইপ বলেন, কোনো অধিগ্রহণ করতে গেলেই সেখানে জমি ভাড়া নিয়ে কেউ ঘর তুলছে বা কেউ কেউ গাছ লাগাচ্ছে। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে প্রশাসনকেই।

চিফ হুইপ বলেন, পদ্মা সেতু বাস্তবায়নের সঙ্গে সঙ্গে শিবচরে বিভিন্ন মেগা প্রকল্প বাস্তবায়নে অনেক জমি অধিগ্রহণ করতে হয়েছে। অনেকের ভিটেমাটি নিতে হয়েছে। এসব প্রকল্পে একশ্রেণির দালাল চক্র গরিব মানুষের সরলতার সুযোগ নিয়ে দুর্নীতি ও অসাধু উপায়ের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। কোনো অধিগ্রহণ করতে গেলেই সেখানে জমি ভাড়া নিয়ে কেউ ঘর তুলছে বা কেউ কেউ গাছ লাগাচ্ছে। উন্নয়ন প্রকল্পগুলোতে টাকা লোপাট করতে দালাল শ্রেণি শক্তিশালী হয়ে উঠেছে। এদের বিরুদ্ধে তদন্ত শুরু করতে হবে। কঠোর ব্যবস্থা নিতে হবে প্রশাসনকেই।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, জেলা প্রশাসক রহিমা খাতুন, শিবচর উপজেলা চেয়ারম্যান আবদুল লতিফ মোল্লা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান, উপজেলার নারী ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি শাজাহান মোল্লা, সাধারণ সম্পাদক মো. সেলিম প্রমুখ।

পরে চিফ হুইপ নূর ই আলম চৌধুরী দত্তপাড়া ইউনিয়নে ১০ শয্যাবিশিষ্ট চৌধুরী ফাতেমা বেগম মা ও শিশুকল্যাণ কেন্দ্র উদ্বোধনসহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন করেন।