উন্নয়ন প্রকল্পের মেয়াদ বাড়ল, জমি দানের ঘোষণা আইনমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইনমন্ত্রী আনিসুল হক
ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া পৌরসভার জমিসংক্রান্ত জটিলতায় বিশুদ্ধ পানি সরবরাহ, জলাবদ্ধতা নিরসন, বর্জ্য ও পয়োনিষ্কাশনে বিশ্বব্যাংকের প্রকল্প দুই বছর ধরে পড়ে রয়েছে। গত জুনে মেয়াদও শেষ হয়ে গেছে। এ অবস্থায়  ব্রাহ্মণবাড়িয়া-৪ (আখাউড়া ও কসবা) আসনের সাংসদ ও আইনমন্ত্রী আনিসুল হক উদ্যোগী হয়ে প্রকল্পের মেয়াদ ২০২৪ সালে জুন পর্যন্ত বাড়িয়েছেন। একই সঙ্গে আজ বৃহস্পতিবার বিকেলে ওই প্রকল্পের জন্য মন্ত্রী নিজের কেনা সাড়ে ৩২ শতক জমি পৌরসভাকে দান করার ঘোষণা দিয়েছেন।

উপজেলার তারাগন মৌজায় সাড়ে ৩২ শতক জমি ৪৮ লাখ টাকায় কেনেন আইনমন্ত্রী আনিসুল হক। জায়গা কেনা বাবদ মন্ত্রী জমির মালিককে ১০ লাখ টাকা দিয়েছেন। বাকি ৩৮ লাখ টাকা মন্ত্রী নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করবেন বলে জানা গেছে।

পৌরসভা সূত্রে জানা গেছে, ২০১৯ সালের জানুয়ারিতে বিশ্বব্যাংক ১২০ কোটি টাকার একটি প্রকল্প দেয়। ২০২১ সালের জুন পর্যন্ত প্রকল্পের বাস্তবায়নের সময় বেঁধে দেয় বিশ্বব্যাংক। প্রকল্পটি বাস্তবায়নের জন্য পৌরসভা উপজেলার পূর্ব মসজিদ পাড়ায় ৫০ শতক জায়গা নির্ধারণ করে। কিন্তু সময়মতো জমি কিনতে ব্যর্থ হয়। এ ছাড়া প্রকল্পটির জন্য পূর্ব মসজিদপাড়া এলাকায় ২০ ফুট প্রশস্ত একটি রাস্তাও প্রয়োজন ছিল। কিন্তু জমি কেনা ও রাস্তাসংক্রান্ত জটিলতার মধ্যেই প্রকল্পের নির্ধারিত সময় শেষ হয়ে যায়।

পরে আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা বিষয়টি নিয়ে আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে যোগাযোগ করেন। আইনমন্ত্রীর হস্তক্ষেপ ও সুপারিশে প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করে বিশ্বব্যাংক। আজ দুপুরে আখাউড়া উপজেলার রাধানগর গ্রামের মৃত সুনীল চন্দ্র বণিকের দুই ছেলে সুজন চন্দ্র বণিক ও রাজন বণিকের কাছ থেকে উপজেলার তারাগন মৌজায় সাড়ে ৩২ শতক জমি ৪৮ লাখ টাকায় কেনেন আইনমন্ত্রী আনিসুল হক। জায়গা কেনা বাবদ মন্ত্রী জমির মালিককে ১০ লাখ টাকা দিয়েছেন। বাকি ৩৮ লাখ টাকা মন্ত্রী নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করবেন বলে জানা গেছে।

বিষয়টি জানার পরপরই তিনি ব্যক্তিগত অর্থে জমি কিনে পৌরসভাকে দান করার ঘোষণা দিয়েছেন। পৌরবাসী তাঁর কাছে চিরঋণী হয়ে থাকল। আইনমন্ত্রী এই এলাকার মানুষকে অনেক ভালোবাসেন।
তাকজিল খলিফা, মেয়র, আখাউড়া পৌরসভা

আখাউড়া পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. ফয়সাল আহমেদ খান প্রথম আলোকে বলেন, প্রকল্পটি বাস্তবায়ন হলে পৌর এলাকার সাত হাজার পরিবারের প্রায় ৫০ হাজার মানুষ বিশুদ্ধ পানির সুবিধা ভোগ করতে পারবেন। প্রকল্পের আওতায় বিশুদ্ধ পানির বড় ট্যাংক নির্মাণ, নালা খনন, উন্নত পয়োনিষ্কাশনের ব্যবস্থা, ডাস্টবিন নির্মাণ ও জলাবদ্ধতা নিরসনের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করবে বলে জানান তিনি।

মেয়র তাকজিল খলিফা প্রথম আলোকে বলেন, ‘পৌরসভার পক্ষ থেকে জমি কিনতে আরও সময় লাগত। এত দিনে প্রকল্পটি চলে যেত। তাই বিষয়টি নিয়ে আইনমন্ত্রীর শরণাপন্ন হয়েছিলাম। বিষয়টি জানার পরপরই তিনি ব্যক্তিগত অর্থে জমি কিনে পৌরসভাকে দান করার ঘোষণা দিয়েছেন। পৌরবাসী তাঁর কাছে চিরঋণী হয়ে থাকল। আইনমন্ত্রী এই এলাকার মানুষকে অনেক ভালোবাসেন। জমিদানের মাধ্যমে আবারও সেটি প্রমাণ দিয়েছেন।’