উপকূলের নদীর ভাঙনকবলিত এলাকায় পরিকল্পিত উপায়ে বন্যানিয়ন্ত্রণ বাঁধ তৈরি করতে হবে। এ ছাড়া করতে হবে ব্যাপক বনায়ন। চিংড়ি চাষের জন্য স্থলভাগে লবণাক্ত পানি টেনে আনা রুখতে হবে। নদীভাঙন, লবণাক্ততাসহ নানা কারণে ক্ষতিগ্রস্ত উপকূলের জনগণকে রক্ষায় নিতে হবে টেকসই পরিকল্পনা। এ ক্ষেত্রে শত শত বছর ধরে উপকূলীয় অঞ্চলে টিকে থাকা মানুষের জ্ঞানকে কাজে লাগাতে হবে।
আজ শনিবার পটুয়াখালীর কুয়াকাটা পর্যটনকেন্দ্রের একটি হোটেলে অনুষ্ঠিত উপকূলীয় নদী সম্মেলনে বক্তারা এসব কথা বলেন। এ সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘বাঁচাও উপকূল, ফেরাও সম্ভাবনা’।
বাংলাদেশ রিভার ফাউন্ডেশন, ওয়াটার্স কিপার্স বাংলাদেশ, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, জয়েন্ট কো-অপারেশন প্রোগ্রাম বাংলাদেশ-নেদারল্যান্ডস, বাংলাদেশ নদী পরিব্রাজক দল, পরিবেশ ও নদী রক্ষা উন্নয়ন ফাউন্ডেশন, ড্রিম প্ল্যানেট এবং রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টার (আরডিআরসি) যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে। উপকূলীয় নদ-নদী নিয়ে পর্যটনকেন্দ্র কুয়াকাটায় প্রথমবারের মতো ‘উপকূলীয় নদী সম্মেলন’ অনুষ্ঠিত হলো।
উদ্বোধনী অধিবেশনে ‘উপকূলের নদ-নদী ও জনজীবন: জলবায়ু পরিবর্তন ও লবণাক্ততার প্রভাব’ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় নদী রক্ষা কমিশনের ৪৮ নদী সমীক্ষা প্রকল্পের পরিবেশ ও জলবায়ু বিশেষজ্ঞ মো. মনির হোসেন চৌধুরী। তিনি প্রবন্ধ উপস্থাপন করে বলেন, নদীর গতিপথের অবস্থান ও নদীর সঙ্গে সংযোগকারী শাখানদী, খাল, বিল, হাওর, বাঁওড় ও নদীর অববাহিকাভিত্তিক তথ্য হালনাগাদ করতে হবে। এ ছাড়া নদীর পানি ও পরিবেশের অবস্থা নিরূপণে দূষণের উৎস, ধরন ও মাত্রা নির্ধারণ করা, নদীর ভূমি দখল, নদীর ওপর ও তীরবর্তী সব অবকাঠামো অপসারণ করা এবং ভবিষ্যতে নদী দখল করে যাতে নতুন করে অবকাঠামো নির্মিত না হয়, সে ব্যবস্থা নিতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু। প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হয়ে সম্মেলনের উদ্বোধন করেন পানিসম্পদ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব কবির বিন আনোয়ার। এ সময় তিনি বলেন, ‘উপকূলের সব নদী রক্ষার জন্য সরকারি বিভিন্ন সংস্থাসহ পরিবেশবাদী ও স্বেচ্ছাসেবী সংগঠনকে একযোগে কাজ করতে হবে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা নদী রক্ষায় শতভাগ আন্তরিক। প্রধানমন্ত্রী নদীকে মানবদেহের শিরা-উপশিরার সঙ্গে তুলনা করেছেন। আমরাও প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কাজ করে যাচ্ছি।’
বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের চেয়ারম্যান মো. মঞ্জুরুল কিবরিয়া বলেন, ‘বাংলাদেশকে গড়ার জন্য উপকূলের নদ-নদী বিরাট ভূমিকা পালন করছে। এ ছাড়া সামুদ্রিক জীববৈচিত্রের জন্য উপকূলীয় নদীরও বিরাট ভূমিকা রয়েছে। আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাতগুলোর মধ্যে চিংড়ি, কাঁকড়া ইত্যাদি উৎপাদন, শিল্পায়ন হচ্ছে উপকূলীয় নদীকে কেন্দ্র করে। সুতরাং মূল ভূখণ্ডকে গড়ার জন্য উপকূলের নদ-নদীকে রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
সম্মেলনে পরিবেশ ও নদী রক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান এইচ এম সুমন বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় অঞ্চলের ১৮টি জেলার ৫৩ শতাংশ এলাকায় লবণাক্ততা দেখা দিয়েছে। লবণাক্ততার কারণে শুধু যে কৃষি উৎপাদনে প্রভাব পড়ছে, তা নয়, মানুষের স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে। পাশাপাশি মানুষের হৃদ্রোগের ঝুঁকিও বাড়ছে। আইসিডিডিআরবি এ নিয়ে এক গবেষণা প্রকাশ করেছে। এসব নিয়ে এখনো বাস্তবসম্মত পদক্ষেপ না নিলে উপকূল বাঁচবে না, মানুষও বাঁচবে না।
বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) কলাপাড়া আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক মেজবাহ্ উদ্দিন বলেন, ‘নদী–সম্পর্কিত তথ্য আমাদের নতুন প্রজন্মের অনেকেই জানেন না। নদীর ইতিহাস, তথ্য পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করলে নতুন প্রজন্ম নদী সম্পর্কে বিস্তারিত জানতে পারবে।’