উপজেলা কেন্দ্রীয় পাঠাগারটি ৩৫ বছর ধরে তালাবদ্ধ

১৯৮৫ সালে উপজেলা পরিষদ মিলনায়তনের পাশে দোতলা ভবনের একটি কক্ষে পাঠাগারটির কার্যক্রম শুরু হয়। এক বছর পর তা বন্ধ হয়ে যায়।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের বাসাইল উপজেলা কেন্দ্রীয় পাঠাগার ৩৫ বছর ধরে বন্ধ
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের বাসাইল উপজেলা কেন্দ্রীয় পাঠাগারটি ৩৫ বছর ধরে তালাবদ্ধ। উপজেলা পরিষদের উদাসীনতার কারণে অযত্ন-অবহেলায় নষ্ট হয়ে যাচ্ছে পাঠাগারের লাখ লাখ টাকার আসবাব ও বইপত্র। পাঠাগারটি বন্ধ থাকায় বই পড়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয় বইপ্রেমী পাঠকেরা।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, ১৯৮৩ সালে বাসাইল উপজেলা পরিষদ প্রতিষ্ঠিত হয়। ১৯৮৫ সালে উপজেলা পরিষদ মিলনায়তনের পাশে দোতলা ভবনের একটি কক্ষে পাঠাগারের কার্যক্রম শুরু হয়। পরে স্থানীয় জ্ঞানপিপাসুদের প্রাণকেন্দ্রে পরিণত হয় এটি। কিন্তু অজানা কারণে প্রতিষ্ঠার এক বছর পর পাঠাগারটি বন্ধ হয়ে যায়। বেশ কিছুদিন এটি উপজেলা জামে মসজিদের মুয়াজ্জিনের শয়নকক্ষ হিসেবে ব্যবহার করা হয়েছে। স্থানীয় কয়েকজনের অভিযোগ, পাঠাগারে মাঝেমধ্যে উপজেলা পরিষদের বরাদ্দ করা সেলাই মেশিন, খেলাধুলাসহ বিভিন্ন সামগ্রী রেখে বিতরণ করা হয়। ফলে উপজেলাবাসী বই পড়া থেকে বঞ্চিত হচ্ছেন। এটি বন্ধ থাকায় লাখ লাখ টাকার বই ও আসবাব নষ্ট হচ্ছে। বিষয়টি নিয়ে বইপ্রেমীদের ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সাংবাদিক এনায়েত করিম প্রথম আলোকে বলেন, গ্রন্থাগারটি বছরের পর বছর ধরে বন্ধ। এটি চালু থাকলে ছেলেমেয়েরা বই পড়ার সুযোগ পেত। বন্ধ থাকায় তারা বইপড়া থেকে বঞ্চিত। দ্রুত আবার গ্রন্থাগার চালুর দাবি জানাচ্ছেন তাঁরা।

‘নতুন পাঠক তৈরি ছাড়াও শিক্ষা ও সংস্কৃতির মুক্তচর্চার জন্য উপজেলা পর্যায়ে পাঠাগারের ভূমিকা গুরুত্বপূর্ণ। এটি পুনরায় চালু করা প্রয়োজন।’ এমন মন্তব্য করেছেন স্থানীয় লার্ন মোর বাংলাদেশ গ্রন্থাগারের সভাপতি সজীবুর রহমান খান।

উপজেলা পরিষদের সাঁট মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর আব্দুর রাজ্জাক বলেন, তিনি পরিষদে যোগদানের পর গ্রন্থাগারের শুধু চাবি পেয়েছেন। কিন্তু কতগুলো বই আছে, তা তাঁর জানা নেই। কেউ তাঁকে কাগজপত্র বুঝিয়ে দেননি। তবে গ্রন্থাগারে অসংখ্য বই এবং আসবাব আছে। তা ধুলাবালু পড়ে নষ্ট হওয়ার পথে।

বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা পারভীন বলেন, ‘গ্রন্থাগারটির তথ্য আমার কাছে নেই। এটা উপজেলা পরিষদের আওতায়। তারা এ বিষয়ে ভালো বলতে পারবে।’ বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম বলেন, পরিষদে নতুন করে দায়িত্ব পাওয়ার পর পাঠাগারের জন্য বেশ কিছু বই কিনেছেন। এখন পাঠাগারটি বন্ধ আছে। শিগগিরই একজন লাইব্রেরিয়ান নিয়োগ দিয়ে এটি আবার চালু করা হবে।