গোয়ালন্দ উপজেলা পরিষদে উপনির্বাচন
উপজেলা চেয়ারম্যান হলেন মোস্তফা মুন্সী, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান
বন্যা ও করোনা পরিস্থিতির কারণে দুই দফা স্থগিতের পর গতকাল বৃহস্পতিবার রাজবাড়ীর গোয়ালন্দে অনুষ্ঠিত উপজেলা পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী মো. মোস্তফা মুন্সী। শান্তিপূর্ণ পরিবেশে বিপুল ভোটের ব্যবধানে তিনি বিজয়ী হন। গতকাল রাতে রিটার্নিং ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. মাসুদুর রহমান বেসরকারিভাবে তাঁকে বিজয়ী ঘোষণা করেন। বিজয় উপলক্ষে আজ শুক্রবার দলীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন দলীয় নেতারা।
মো. মোস্তফা মুন্সী ২৩ হাজার ৩৬০ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রয়াত উপজেলা পরিষদের চেয়ারম্যান এ বি এম নুরুল ইসলামের ছেলে মো. আরিফুজ্জামান ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ১৩ হাজার ৬০৬ ভোট। এ ছাড়া জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী মো. মাহবুবুল আলম ২ হাজার ৩৪৯ ভোট পান।
একটি পৌরসভা ও চারটি ইউনিয়ন নিয়ে গঠিত গোয়ালন্দ উপজেলার মোট ভোটার ৯১ হাজার ৪৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪৬ হাজার ৮৫ ও নারী ভোটার ৪৫ হাজার ৩৫৫ জন। ৩৫টি ভোটকেন্দ্রে ভোটকক্ষ ১৯২টি। এর মধ্যে স্থায়ী ভোটকক্ষের সংখ্যা ১৫৮টি এবং অস্থায়ী ভোটকক্ষ ৩৪টি। সকাল থেকে বিকেল পর্যন্ত ভোট গ্রহণ শেষে মোট ভোট পড়েছে ৪১ হাজার ৯১১।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় গোয়ালন্দ উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. মাসুদুর রহমান মো. মোস্তফা মুন্সীকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন। ফলাফল ঘোষণার সময় সহকারী রিটার্নিং কর্মকর্তা স্বপন কুমার সাহা, গোয়ালন্দ উপজেলা নির্বাচন কর্মকর্তা নিজাম উদ্দীন আহম্মেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. নুরুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসিফ মাহমুদ ছাড়াও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিজয়ী প্রার্থীর পক্ষে নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। নৌকার প্রার্থী বিজয়ের খবর পেয়ে সেখানে অভিনন্দন জানাতে আসেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী।
এ ছাড়া বিজয়ী হওয়ার খবর পাওয়ার পর মো. মোস্তফা মুন্সী উপজেলা পরিষদ চত্বরে আসেন। এ সময় তাঁর ছেলে মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক মো. সেলিম মুন্সীকে জড়িয়ে ধরলে আবেগ ঘন পরিবেশের সৃষ্টি হয়। সঙ্গে দলীয় নেতা-কর্মীসহ আগত কর্মী-সমর্থকদের জড়িয়ে ধরে কুশল বিনিময় করেন তিনি। এ সময় দলীয় নেতৃবৃন্দ তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন। বিজয়ের আনন্দ মিছিলে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।
মোস্তফা মুন্সী বলেন, ‘এ বিজয় আপনাদের, জনগণের, দলের নেতা-কর্মীদের। আপনারা যেভাবে আমাকে সম্মানিত করেছেন, আপনারদের সে সম্মান যেন আমি ধরে রাখতে পারি। অতীতে যেভাবে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি, আগামীতেও যেন আপনাদের সেবায় নিয়োজিত থাকতে পারি। আপনাদের সবার জন্য দোয়া রইল। আপনারাও আমার জন্য দোয়া করবেন।’