উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে বীর মুক্তিযোদ্ধাকে অসম্মানের অভিযোগ
নেত্রকোনার পূর্বধলা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জাহিদুল ইসলামের বিরুদ্ধে একজন বীর মুক্তিযোদ্ধাকে অসম্মান করার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে ‘মুক্তিযোদ্ধা সংসদ ও পরিবারবর্গ’ ব্যানারে মুক্তিযোদ্ধাদের একাংশ এ সংবাদ সম্মেলন করে। জাহিদুল ইসলাম তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি উপজেলা যুবলীগের সভাপতি ও নৌকা প্রতীকের টানা দুবারের উপজেলা চেয়ারম্যান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পূর্বধলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. আইয়ুব আলী। এ সময় উপজেলার সাবেক কমান্ডার নিজাম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আবদুল কাদির, আবদুর রব তালুকদার, আলকাছ উদ্দিন, সিরাজুল ইসলাম তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে বলা হয়, গত ১৬ ডিসেম্বর উপজেলা প্রশাসন আয়োজিত বিজয় দিবসের প্রস্তুতি সভা চলছিল। এতে অংশ নেওয়া একজন বীর মুক্তিযোদ্ধাকে তাঁর পাশের একটি চেয়ার খালি রাখতে অনুরোধ জানান জাহিদুল ইসলাম। পরে ওই চেয়ারে স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বসতে বলায় ওই বীর মুক্তিযোদ্ধা খেপে যান। এ সময় জাহিদুল ইসলাম ওই বীর মুক্তিযোদ্ধার সঙ্গে অসদাচরণ করেন, যা অগ্রহণযোগ্য। তাঁরা জাহিদুল ইসলামের বিচার দাবিসহ উপজেলা যুবলীগের পদ থেকে অব্যাহতি দেওয়ার দাবি করেছেন।
এ বিষয়ে জাহিদুল ইসলাম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমি কখনো মুক্তিযোদ্ধাদের অসম্মান করিনি। সব সময়ই মুক্তিযোদ্ধাদের প্রতি আমার অপরিসীম শ্রদ্ধাবোধ রয়েছে। মুক্তিযোদ্ধাদের জন্যই এ দেশ স্বাধীন হয়েছে। তাঁরা জাতির শ্রেষ্ঠ সন্তান। আমার স্ত্রীর বাবাসহ আত্মীয়স্বজনদের মধ্যে অনেকেই বীর মুক্তিযোদ্ধা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আমার রাজনৈতিক জীবন ও আদর্শের সঙ্গে তা পরিপন্থী।’
সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে জাহিদুল ইসলাম বলেন, ‘বিগত উপজেলা পরিষদের নির্বাচন কেন্দ্র করে রাজনৈতিক একটি পক্ষ আমার বিরুদ্ধে বিষোদ্গার করে চলছে। এখন সুপরিকল্পিতভাবে সহজ–সরল কয়েকজন বীর মুক্তিযোদ্ধাকে ভুল বুঝিয়ে এমন হীন অপপ্রচার চালাচ্ছে ওই মহল।’